রাঙ্গুনিয়ায় হামলার ঘটনায় অভিযুক্ত হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়ায় হামলার ঘটনায় অভিযুক্ত সোহেল পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহেল পাটোয়ারী (৩২) উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোব্বাতের ঘোনা এলাকার মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ আগস্ট বিকেলে উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর ইকো পার্কের সামনে সড়কে গাড়ির গতিরোধ করে স্থানীয় মো. ইউনুছ আলী (৩৪) ও সিএনজি চালক মো. ভুট্টোর (৪১) উপর হামলা চালানো হয়। এ সময় তাদের মাথায় আঘাতসহ পিটিয়ে আহত করা হয়।

পরে আহতদের ভাই হযরত আলী (২০) বাদী হয়ে সোহেল পাটোয়ারীকে প্রধান আসামি এবং আরও দু’জনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

অভিযান চালিয়ে পুলিশ মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি সোহেলকে কোব্বাতের ঘোনা এলাকা থেকে গ্রেপ্তার করে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “সোহেল পাটোয়ারী হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে ১টি হত্যা, ৪টি মারামারি ও ১টি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”

উল্লেখ্য, এর আগে বিএনপির মিটিংয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা উল্লেখ করে এবং এ হামলার প্রতিবাদে গত সোমবার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কাপ্তাই সীমান্তবর্তী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন নেতাকর্মী, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা অংশ নেন।

 

রাঙ্গুনিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি: ৪০ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুট

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক প্রবাসীর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী এলাকায় বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতদের হামলায় বাড়ির দুই সদস্য আহত হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রাখে।

ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, “ডাকাতরা ঘরে ঢুকেই সবার মোবাইল ফোন কেড়ে নেয়। বাধা দিতে গেলে খালেদ আহমদ (২৪) ও জাবের আলমকে (২০) তারা মারধর করে। এরপর আলমারি ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, ব্যাংকের চেকবইসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।”

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব জানান, “বাড়ির পাশের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পালানোর সময় ডাকাতরা এগুলো ফেলে গেছে।”

তিনি আরও বলেন, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এ বিষয়ে পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

‘“চৌধুরী পরিবারের শক্তি তাকবিরের স্লোগান: হুম্মাম কাদের চৌধুরী”

 

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “অনেকেই অনেক কথা বলে, চৌধুরী পরিবারের আসল শক্তি হলো নারায়ে তাকবির।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “যদি মনে হয় বিএনপির কোনো নেতা আপনার কাছ থেকে চাঁদা চেয়েছে, তবে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এর শাস্তি আমি নিজেই দেব। দল হয়তো বহিষ্কার করবে, কিন্তু আমি খালি বহিষ্কার করব না—চোখে চোখ রেখে বলতে হবে কে চাঁদা চেয়েছে, তারপর পরিস্থিতি কী হবে আপনারাই জানবেন।”

তিনি বলেন, “অনেকেই বলে ভাইয়া চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলছি, আমি একশন নেব না—আপনারাই ব্যবস্থা নেবেন। এটা আপনাদের দায়িত্ব।”

সভায় নেতাকর্মীদের স্লোগানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাকে তাকবির দিতে বলা হচ্ছে। কিন্তু আমি বলছি, এটা শুধু আমার তাকবির নয়—এটা রাঙ্গুনিয়ার প্রতিটি মুসলমানের তাকবির। এখন থেকে দুইটা স্লোগান দিতে হবে—‘জিয়ার সৈনিক’ আর ‘নারায়ে তাকবির’।”

তিনি আরও বলেন, “আমরা যদি একসাথে থাকি, একে অপরের পাশে দাঁড়াই, আমাদের হারানোর কেউ থাকবে না। আমরা বিএনপির সদস্য হলেও বারবার প্রমাণ করি, রাঙ্গুনিয়ার মধ্যে পাক্কা মুসলমান নেতৃত্ব দিচ্ছে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “প্রার্থী যেই হোন না কেন, আমাদের দায়িত্ব একটাই—বিএনপির প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠানো। এজন্য আমার ও আমার দলের পাশে দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করতে হবে আপনাদের।”

বাবার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে হুম্মাম বলেন, “আজ আপনাদের দেখে মনে হলো আমি এতিম নই, আমি বাবা হারাইনি। আজ আমার পরিবার আমার সামনে দাঁড়িয়ে আছে।”

তিনি আরও বলেন, “আমাকে নমিনেশন দিক বা না দিক, আমি দলে থাকি বা না থাকি, আমি বেঁচে থাকি বা না থাকি—ওয়াদা করে যাচ্ছি, আমার পরিবার সারাজীবন এই রাঙ্গুনিয়ার গোলামী করে যাবে।”

রাঙ্গুনিয়ায় একাধিক মামলার আসামি কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মো. রুবেল (৩৫) উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বুধবার গভীর রাতে হারুয়ালছড়ি এলাকায় রুবেলের বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রুবেলের ঘরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে রুবেলের গলার বাম পাশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “নিহত রুবেল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১১টি মামলা ছিল।”
প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, ঘটনার সময় রুবেলের সঙ্গে মো. মোরশেদ নামে আরও একজন ছিলেন যিনি হামলায় আহত হয়েছেন বলে শোনা গেলেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

রাঙ্গুনিয়ায় সড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

 

 

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়কের পাশ থেকে রোজি আকতার (৫০) নামে এক নারীর পা ও মাথা থেতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজি আকতার(৫০) শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিনের স্ত্রী।

থানা ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে রোজি আকতার তার বাপের বাড়ি মরিয়মনগর কালুগোট্টার উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে স্থানীয়রা কাটাখালী এলাকায় সড়কের পাশে তার পা ও মাথা থেতলানো মরদেহ দেখতে পান। ঘটনাস্থল তার বাপের বাড়ির কাছাকাছি হওয়ায় স্থানীয়রা তাকে শনাক্ত করে পরিবার ও থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

 

রাঙ্গুনিয়ায় আদালতের রায়ে ইটভাটা গুঁড়িয়ে দেয়া, নিলামে ইট বিক্রি

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আদালতের রায়ে একটি ইটভাটার ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়।

এছাড়াও ইটভাটার সাড়ে ৩ লাখ ইট উন্মোক্ত নিলামের মাধ্যমে তিন লাখ আট হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ রাজনগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় অবস্থিত মেসার্স আল মদিনা ব্রিকস নামক ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।

সুত্রে জানা যায়, পরিবেশ আদালত, চট্টগ্রাম এর পরিবেশ মামলা নং ০৩/২০১১ এর রায়ের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে মেসার্স আল-মদিনা ব্রিকস-১ ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ধ্বংস করে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ২০১১ সালের মামলায় জব্দকৃত ৩ লক্ষ ৫০ হাজার ইট উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত নিলাম কার্যক্রমে সর্বোচ্চ দর ডাককারী মো. সাইফুজ্জামানের কাছে ৩ লাখ ৮ হাজার টাকা দরে বিক্রি করে বুঝিয়ে দিয়ে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞ আদালতের রায় বাস্তবায়ন অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন রাঙ্গুনিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

 

রাঙ্গুনিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তৌহিদুল ইসলাম আরিফ (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, সকালে আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, প্রেমঘটিত বিষয়ে ছেলের সঙ্গে মায়ের ঝগড়া হয় আগের রাতে। পরদিন সকালে দীর্ঘ সময় রুম থেকে বের না হলে দরজা ভেঙে আরিফকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আপাতত এটি অপমৃত্যু মামলা হলেও প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আরিফ উপজেলার পারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাহাব্দীনগর বলির বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে।

 

রাঙ্গুনিয়ায় বেতাগীর চম্পাতলীতে ব্রীজ ভেঙে জনদুর্ভোগ

এম জাহাঙ্গীর নেওয়াজ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মধ্য বেতাগী চম্পাতলী এলাকার একটি সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একটি ব্রীজ ভেঙে পড়ার কারণে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, হাফেজ হাকিম মাওলানা মুহাম্মদ বজলুল রহমান (রহ.) ঈদগাহ ও চম্পাতলী কবরস্থানে আসা-যাওয়া করা সাধারণ মানুষ, এবং আশপাশের হাজারো বাসিন্দা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে থাকেন। কয়েক মাস ধরে ব্রীজটি ভেঙে পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ আগস্টের পর কিছু মাটি খেকোদের ভারী যানবাহনের চলাচলের ফলে ব্রীজটি ভেঙে পড়ে। এরপর থেকেই ব্রীজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন বাসিন্দা মুহাম্মদ তৈয়ব জানান, “এই সড়ক দিয়ে অনেক মানুষ কষ্ট করে চলাচল করে। কেউ মারা গেলে লাশ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে কবরস্থানে নিয়ে যেতে হয়।”

এদিকে, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। তিনি আরও জানান, “সরকারি কোনো বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “ব্রীজটি নিয়ে আমি চেষ্টা করছি, আগামী মাসে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা এলজিইডি (LGED) অফিসের কর্মকর্তা রেজাউল করিম বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বাবার রিকশার ব্যাটারি চুরি, ছেলে জড়িত—গ্রেপ্তার ২

 

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোরাই ব্যাটারিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শফাতুল মাজদার জানান, সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—অভিযোগকারীর ছেলে মো. আরাফাত হোসেন (২২) ও চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার বাসিন্দা তরিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে আব্দুল মালেক ওরফে মানিক (৪৬) নামে এক ব্যক্তির নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি হয়। প্রতিটি ব্যাটারির মূল্য ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা।

ঘটনার পর রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এসময় মো. আরাফাত হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং কামরুলসহ অন্যদের নাম প্রকাশ করেন।

এরপর ওই তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কামরুলের মালিকানাধীন ভাঙারির দোকান থেকে চুরি হওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। সেখান থেকে কামরুলকেও গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দুজনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

তিনজন পুলিশ সদস্যের মানবিক কর্মকাণ্ডে সিএমপি কমিশনারের স্বীকৃতি

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: অসাধারণ মানবিক কর্মকাণ্ড ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনজন পুলিশ সদস্যকে রবিবার (২৪ আগস্ট) সিএমপি হেডকোয়ার্টার্সে পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। অনুষ্ঠানে তাদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

গত ০৯ আগস্ট নগরীর দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালনের সময় প্রসব বেদনায় কাতর এক মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়িয়ে দ্রুত ও মানবিক পদক্ষেপের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মোজাহিদ, সার্জেন্ট মোঃ জাহিদুর রহমান এবং কনস্টেবল মহিউদ্দীন হোসেন।

সিএমপি কমিশনার এই কর্মকাণ্ডকে “পুলিশের দায়িত্বশীলতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত” হিসেবে আখ্যায়িত করে বলেন,
“এমন কর্মকাণ্ড সমাজে পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।”

তিনি সকল পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

রাউজানে হক কমিটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাউজান (চট্টগ্রাম): মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে ও সিনিয়র সদস্য মুহাম্মদ জিফু সুলতানের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সংগঠনের অভিষেক এবং বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৭তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) শাখা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আলম চৌধুরী। সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফেজ আকতার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা গাউসিয়া হক কমিটির সাবেক সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ জয়নাল আবেদীন। উদ্বোধন করেন শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী।

আলোচক ছিলেন উপজেলা সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী ও মুহাম্মদপুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, মুহাম্মদ দেলাওর হোসেন, রাউজান প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, মুহাম্মদ রাসেদ, মুহাম্মদ নূরুল আলম, মুহাম্মদ মাহাবুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ ফারুক প্রমুখ।

পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও কার্যকরী সদস্যদের শপথ বাক্যপাঠ এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মিলাদ-কিয়াম শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

 

রাঙ্গুনিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিউল আলম ওরফে শফি (৩৬) ডাকাতি ও অপহরণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, শফির বাড়ি তল্লাশি করে দুটি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, দেশীয় প্রযুক্তিতে তৈরি ২৩টি পটকা (বিস্ফোরক), কিরিচ, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফি জানিয়েছেন, এসব অস্ত্র ও বিস্ফোরক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে নাশকতা ও ত্রাস সৃষ্টির কাজে ব্যবহার করা হতো।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, শফির বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার সকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

মাদকবিরোধী অভিযানে রাঙ্গুনিয়ায় দুইদিনে ছয়জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দণ্ড দেয়া হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ও ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবিকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন- বনগ্রাম এলাকার মো. রেজাউল করিম, চন্দ্রঘোনা নবগ্রামের মো. ইউসুফ, একই এলাকার মো. শাকিল ইসলাম এবং রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার মো. জাহেদ হোসেন। প্রত্যেককে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. ইউসুফকে ৩ মাস, বাকি তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের কাছ থেকে গাজা ও মাদক সেবন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

এর আগে বুধবার (২০ আগস্ট) উপজেলার পোমরা ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মো. রাসেল (১৯) এবং রাউজান উপজেলার পাহাড়তলী ঊনসত্তর পাড়া এলাকার মো. নয়ন (১৯)-কে আটক করা হয়েছিল। তাদেরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। ইউএনও মো. কামরুল হাসান জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় সভা: যুব ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

চট্টগ্রাম:

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বুধবার (২০ আগস্ট) জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তরুণদের সম্পৃক্ত রেখে বর্ষব্যাপী “তারুণ্যের উৎসব” কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং প্রতিটি দপ্তরকে ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসকের নিকট প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

আগামী ১২ অক্টোবর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে সবাইকে অবহিত করা হয়। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মশা নিধনে স্প্রে কার্যক্রম চালানোর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় যুব উন্নয়ন, কৃষি, পল্লী উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্প, ইসলামিক ফাউন্ডেশন ও স্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম আলোচনা করা হয়। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় সভায় ঋণ আদায়, কৃষকদের উন্নত বীজ সরবরাহ, মডেল মসজিদ নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিদ্যুৎ বিল পরিশোধ, ভোটার তালিকা হালনাগাদ, যৌন হয়রানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

চট্টগ্রামে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি: জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন শুরু করেছে এক যুগান্তকারী উদ্যোগ—প্রান্তিক পর্যায়ে গণশুনানি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই আয়োজন। আয়োজন করে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৭৫টিতে নেই কোনো জনপ্রতিনিধি পরিচালিত হচ্ছে প্রশাসকদের মাধ্যমে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জেলা প্রশাসন অনন্য উদ্যোগ নিয়েছে—সরাসরি ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণের সমস্যার কথা শোনা এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা। এটি কেবল প্রশাসনিক সেবা প্রদান নয়, বরং জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে প্রশাসনকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার এক অনন্য প্রয়াস।

দিনব্যাপী গণশুনানিতে সলিমপুর ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। ভূমি সংক্রান্ত জটিলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, রাস্তা মেরামত, বিদ্যুৎ সংযোগ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ—প্রধানত এসব বিষয় উঠে আসে গণশুনানিতে।

জটিল সমস্যাগুলোর ক্ষেত্রে জেলা প্রশাসক আশ্বস্ত করেন যে পর্যায়ক্রমে সমাধান করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক প্রতি বুধবার নিজ কার্যালয়ে গণশুনানি করেন। তবে এবার কার্যক্রম মাঠপর্যায়ে এনে জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসন নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে জনগণ সরাসরি প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠা ও সেবার মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।

গণশুনানিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “জনগণের সমস্যা সমাধান করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে—এটাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, এ ধরনের গণশুনানি কেবল সমস্যা সমাধান নয়, বরং জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি জারুল গাছের চারা রোপণ করেন। তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য।

গণশুনানি শেষে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সেবা প্রদানে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুধু গণশুনানিই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

গণশুনানিতে অংশ নেওয়া সাধারণ মানুষ এ উদ্যোগকে যুগান্তকারী বলে উল্লেখ করেন। তারা বলেন, আগে সমস্যার সমাধানে দফতরে দফতরে ঘুরতে হতো; আজ জেলা প্রশাসক নিজে এসে কথা শুনেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন—এটি সত্যিই প্রশংসনীয়।

সলিমপুর ইউনিয়নে অনুষ্ঠিত এই গণশুনানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণের বাস্তব পদক্ষেপ। ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ইউনিয়ন পর্যায়ে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সাধারণ মানুষ মনে করছেন।

রাঙ্গুনিয়ার ছয় কলেজে ছাত্রদলের নতুন কমিটি

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ছয়টি সরকারি-বেসরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৫ অগাস্ট এসব আংশিক কমিটি অনুমোদন দেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কলেজগুলো হলো- রাঙ্গুনিয়া সরকারি কলেজ, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ও রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ।

উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এসব কমিটি অনুমোদন করেন।

ঘোষিত কমিটিতে রাঙ্গুনিয়া সরকারি কলেজে মো. কাইয়ুমকে সভাপতি ও মো. এরফান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের কমিটি দেওয়া হয়েছে।

সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে মো. ফারহাদ হোসেনকে সভাপতি ও মো. তানভীর মহতাব আয়ানকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি করা হয়।

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে সাকিবুল ইসলাম সভাপতি ও মো. এনামুল হক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন; এই কমিটি সাত সদস্যের।

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে আমিনুল ইসলাম সাব্বিরকে সভাপতি ও সাজিদুল ইসলাম সাজিদকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি দেওয়া হয়েছে।

রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে আট সদস্যের কমিটিতে সালেউল মান্নান রাজু সভাপতি এবং মোহাম্মদ সাকিব জাবেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে কোরবান আলীকে সভাপতি ও মো. ওসমান ওয়াহেদ চৌধুরী সামেতকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

রাউজান পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার ১১ নং পশ্চিম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শ্যামাচরণ সড়কের একটি অংশের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ১৭ আগস্ট রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাইফু উদ্দিন তারেক, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নুরুল আকতার, কায়ছার হামিদ দিদার, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুবিন, নেছারুল হায়াত খান, আমজাদ হোসেন, শেখ মোহাম্মদ, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ আলী আজম ও মোহাম্মদ মোনতাছির প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কাজ চলমান রয়েছে। তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে এলাকার উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা আনতে কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদেরের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

টিআরসি নিয়োগে দালাল চক্রের বিরুদ্ধে সতর্ক করল চট্টগ্রাম জেলা পুলিশ

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল, আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোনো প্রার্থী যেন কারো সাথে চাকরি নিশ্চিতের বিষয় নিয়ে লেনদেন না করেন এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনে পা না দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম ইতোমধ্যেই মাঠ পর্যায়ে দালাল ও অসদুপায় অবলম্বনকারীদের শনাক্তে সক্রিয় রয়েছে। দালাল, দুর্নীতিবাজ ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে কোনো প্রকার অভিযোগ থাকলে ০১৩২০১০৭৪০৪০১৩২০১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

রাঙ্গুনিয়া বেতাগীর কেন্দ্রীয় কবরস্থানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার

এম জাহাঙ্গীর নেওয়াজ (রাঙ্গুনিয়া): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী হাফেজ বজলুর রহমান (র:) কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ঝুলে আছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি বিরাজ করলেও তা যথাযথভাবে নজরদারি করা হচ্ছে না।

চম্পা তলী এলাকার বাসিন্দা মুহাম্মদ আসিফ জানান, বর্ষার সময় অগাছা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ তার পরিষ্কার করা সম্ভব হচ্ছে না এবং কবর দেওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কবরস্থান কমিটির সদস্য মুহাম্মদ মমতাজুল হক বলেন, বৈদ্যুতিক তার ঝুলে থাকা সত্ত্বেও বিদ্যুৎ কর্তৃপক্ষ নিরব অবস্থায় থাকায় সমস্যাটি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। তিনি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

রাঙ্গুনিয়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে এজিএম আবু ইউসুফ জানান, বিষয়টি তিনি তৎপরতার সঙ্গে সমাধান করবেন।

 

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী আশঙ্কামুক্ত, জানালেন তিশা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি : সংগৃহীত

ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফারুকীর সর্বশেষ অবস্থা জানান তিনি।

তিশা জানান, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন তিশা।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।

সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে জানান তিনি।

 

হাটহাজারীতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম):  চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান হাবিব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। তবে ভিকটিমের সঙ্গে থাকা কেউ কোনো তথ্য না দিয়ে দ্রুত সরে যায়।”

শনিবার সকাল ১১টায় শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছাত্রশিবির কোনো রাজনৈতিক সংগঠন নয়, শিক্ষা প্রতিষ্ঠান: কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান’—চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার সকালে উপজেলা পৌর অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, রাজনৈতিক দমন-পীড়নের কারণে দীর্ঘদিন পর ‘মুক্ত পরিবেশে’ এই আয়োজন করতে পারায় তারা আনন্দিত। তারা আরও দাবি করেন, ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীরা ভদ্র ও শিষ্টাচারসম্পন্ন মানুষে পরিণত হয়।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাঈদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ, উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন এবং সহকারী সেক্রেটারি মাওলানা শাহ আলমসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিবিরের সাবেক ও বর্তমান নেতারা।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

খেলাধুলাই মাদকমুক্ত সমাজ গড়ার পথ: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা হাসনাত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): ‘মাদককে না বলার জন্য খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম’—এই মন্তব্য করে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

শুক্রবার বিকেলে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এই উপজেলা চেয়ারম্যান বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি।” তিনি গত বছরের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমকে ‘সারা বাংলাদেশের প্রথম শহীদ’ হিসেবে উল্লেখ করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার সুস্বাস্থ্য কামনা করেন।
উপজেলার রাজারহাট রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ ওয়াসিম আকরাম ক্রীড়া পরিষদ’ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এইচ সুমন এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম টিপু। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবছার হোসেন তালুকদার, লালানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ তালুকদার, মো. বখতিয়ার, মো. সোহেল, বাদশা আলম, ইঞ্জি. জবাবের সিকদার, আবদুল সফুর, মো. ওসমান গণি, সাইফুল ইসলাম এবং তাজউদ্দীন আহমেদ।
উদ্বোধনী খেলায় পোমরা চাইনি পাড়া ও রাজাভূবন ইছামতী ক্লাব অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে জয়ী হয় রাজাভূবন ইছামতী ক্লাব।
খেলা পরিচালনা কমিটির সদস্য দিদারুল আলম, আজিজ, আলম, এনাম, শাহেদ, মিজান, সেলিম, সাইমন, আরফাত, আরিফ, ইমন, ঈশান, ইকবাল, সজীব, রিফাত, সাহেদসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন রেফারি অমিতোশ বড়ুয়া, মো. সজীব ও মো. শাহেদ।

রাঙ্গুনিয়ায় স্কুল শেষে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান জামী নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান জামী ওই এলাকার জিন্নাত আলীর ছেলে এবং স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, জামী দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে ফিরে ব্যাগ রেখেই সবার অগোচরে খেলতে বাইরে যায়। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর, বিকেল আড়াইটার দিকে পার্শ্ববর্তী একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আগামী নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে এলডিপি — নুরুল আলম তালুকদার

 

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম তালুকদার বলেছেন, “আগামী নির্বাচনে এলডিপি জোটগতভাবে অংশ নেবে। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলীয় প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নেতাকর্মীদের এলডিপির ছাতা প্রতীক সবার মাঝে পৌঁছে দিতে একযোগে কাজ করতে হবে।”

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা এলডিপি আয়োজিত নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোড়াপত্তন করেছিলাম এবং একটি শক্ত ঘাঁটি গড়েছিলাম। কখনো বিড়ালের গতিতে, কখনো কাছিমের গতিতে, আবার কখনো ঘোড়ার গতিতে এগিয়েছি—এ অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। লোভ-লালসা উপেক্ষা করে আগামীর রাজনীতিকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা এলডিপির সদস্য সচিব আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, এলডিপি নেতা মো. জাহেদুল আলম চৌধুরী, আহমদ সৈয়দ, আহমদ কবির, জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মো. হারুন মাস্টার, সৈয়দুর রহমান, মো. কাসেম মেম্বার, বদিউল আলম বাদশা, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, মো. লোকমান, নুরুল আলম, মো. এয়াকুব, অনন্ত মারমা, মাস্টার মো. ওসমান, রওশন আলী খান, মো. সাইফুদ্দিন রাসেল, মো. শরীফ, মো. নাছের, হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, হাসান মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফজলুল কাদের তালুকদারকে আহ্বায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কাপ্তাই রাস্তার মাথায় সিএমপি’র অভিযানে ২৫ অবৈধ যানবাহন আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ২৫টি অবৈধ সিএনজি ও অটোরিকশা আটক এবং মামলা দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে চাঁন্দগাঁও থানাধীন কাপ্তাই রেলগেইট (মোহরা) থেকে মেসকারঘাটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মেট্রো রুট পারমিট ছাড়া সিএনজি ও অটোরিকশা রেলগেইট এলাকায় উভয় পাশে দাঁড়িয়ে বিশৃঙ্খলভাবে চলাচল করে আসছিল। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকত। এ ছাড়া যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহারের অভিযোগও ছিল নিয়মিত।

পুলিশ কমিশনারের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবারের অভিযানে ২৫টি যানবাহন আটক ও মামলা দেওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

উপ-পুলিশ কমিশনার নেছার উদ্দিন আহম্মেদ বলেন, “যাত্রী ও স্থানীয়দের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, গত ১১ জুলাই একই স্থানে পরিচালিত অভিযানে ৭০টি অবৈধ যানবাহন আটক করা হয়েছিল।

 

 

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ

রাউজান (চট্টগ্রাম): গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে রাউজানের জলিল নগরে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতকরণের দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, এসএম ইউসূফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, মো. হাবিবুর রহমান, যীশু সেন, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, শিক্ষক ইয়ার মোহাম্মদ, প্রবাসী মো. হারুন, সংবাদকর্মী মোহাম্মদ জুয়েল সিকদার, মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া, চবি শিক্ষার্থী সানজিদা শারমিন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান।

হার্ড লাইনে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম: চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ও মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। লুণ্ঠিত অবৈধ অস্ত্র পুনরুদ্ধার, পূর্বে ইস্যুকৃত অস্ত্রের বৈধতা যাচাই, অযোগ্য ব্যক্তির লাইসেন্স বাতিল এবং সব ধরনের অস্ত্রের ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

গ্রাম আদালতের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে মামলা নিষ্পত্তি ব্যাহত হওয়ায় ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় করে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও রেলপথে মাদক চোরাচালান রোধে টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়।

সভায় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া উচ্ছেদ অভিযান, অবৈধ বালি উত্তোলন বন্ধ, পাহাড় কাটা রোধ, খুন-ডাকাতি-চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, রেল ও সড়কপথে মাদক পাচার প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। যানজট নিরসনে ফুটপাত দখল করে দোকান স্থাপন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

কৃষি খাতে ব্লক সুপারভাইজারদের দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়, যাতে সার ও বীজ বিতরণ এবং কৃষি পরামর্শে সমন্বিত পদক্ষেপ নিয়ে কৃষকদের ক্ষতি রোধ করা যায়। রাউজানসহ জেলার ঝুঁকিপূর্ণ এলাকায় রাজনৈতিক অপতৎপরতা নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

জন্মাষ্টমী ২০২৫ উদযাপন উপলক্ষে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়। পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনারও আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।