শীতে ঘরে ঘরে উষ্ণতা ছড়াল রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: কনকনে শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে দরিদ্র ও শীতকাতর মানুষের মাঝে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নেতৃত্বে অন্তত ৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও নাজমুল হাসান বলেন, শীত মৌসুমে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি আরও বলেন, এই সময়ে সমাজের সামর্থ্যবান মানুষেরও শীতার্তদের পাশে এগিয়ে আসা উচিত। সম্মিলিত উদ্যোগেই শীতজনিত দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, এর আগেও রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী ইউনিয়ন ও লালানগর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশুর দায়িত্ব নিল জেলা প্রশাসন, খোঁজ চলছে পরিবারের

আনোয়ারা (চট্টগ্রাম) : কনকনে শীতের রাতে সড়কের পাশে অসহায় অবস্থায় বসে থাকা দুই শিশুকে ঘিরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আনোয়ারা উপজেলায় উদ্ধার হওয়া ওই দুই শিশুর পরিবারের এখনো সন্ধান মেলেনি। এরই মধ্যে শিশুদের চিকিৎসা, আশ্রয় ও ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসকের নির্দেশনায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার উদ্ধার হওয়া শিশু দুটিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে জেলা প্রশাসক শিশুদের শারীরিক অবস্থা, উদ্ধারের প্রেক্ষাপট, পারিবারিক পরিচয় এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

শিশুদের মধ্যে ১৪ মাস বয়সী মোরশেদের শারীরিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে তাকে উন্নত চিকিৎসার জন্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে চার বছর বয়সী আয়েশাকে আনোয়ারা উপজেলা প্রশাসন ও বারখাইন ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে স্থানীয় আশ্রয়দাতা মহিন দম্পতির হেফাজতে রাখা হয়।

শুধু আশ্রয়ই নয়, শিশুদের চিকিৎসা ব্যয় ও প্রাথমিক প্রয়োজন মেটাতে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। পাশাপাশি শিশু দুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, শিশু দুটিকে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে লালন-পালন এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, শিশু দুটিকে উদ্ধারের পরপরই জেলা প্রশাসককে অবহিত করা হয়। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ছোট শিশুটির চিকিৎসার ব্যবস্থা নেন এবং বড় শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে তাদের পরিবারের খোঁজে প্রশাসন কাজ করছে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দা মহিন নামের এক ব্যক্তি শিশু দুটিকে উদ্ধার করেন। পরে জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, এক আত্মীয় তাদের সেখানে রেখে চলে যায়।

বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের নজরে আসার পর জেলা প্রশাসনের তৎপরতায় দ্রুত চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় পদক্ষেপ নেওয়া হয়।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করছেন, এমন দায়িত্বশীল ও দ্রুত পদক্ষেপ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে দোকান ও বসতঘর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদতালুক এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান ও একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করেন।

উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ ঘটনায় দুইজন মালিকের একটি কাঁচা বসতঘর ও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন মৃত আবদুল মালেকের ছেলে মো. আলমগীর এবং মৃত ওসমান আলীর ছেলে মো. আবদুল মোনাফ।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আগুন নির্বাপন অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জসিম উদ্দিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: রাঙ্গুনিয়ায় শেষ দিনে মনোনয়ন জমা দিলেন যারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মনোনয়নপত্র জমার শেষ দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সোমবার শেষ দিনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীসহ বিভিন্ন দলের প্রার্থীরা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের কার্যালয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরের দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম। পরে তিনি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওর কার্যালয়ে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন।

বিকেলের দিকে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন। এর আগে একই আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরণ বড়ুয়া। এছাড়া সন্ধ্যার দিকে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল কালাম আজাদ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান একই দিন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাজমুল হাসান জানান, সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁর কার্যালয়ে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আরও দুজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি শুনেছেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ইসি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন যাত্রী।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) এবং নাসরিন সুলতানা (২৯)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক দুই গাড়ির মাঝখানে আটকা পড়েন।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দীর্ঘ সময়ের চেষ্টায় ট্রাকচালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, দুর্ঘটনার পর তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গুনিয়ায় ফের অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি তিন কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর রাত ৩টা ৩৮ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে রতন পালের ছেলে রাজেশ পালের মালিকানাধীন তিন কক্ষের কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়ে ভুক্তভোগীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দাদি ও নাতনির মৃত্যু হয়। ওই ঘটনায় অন্তত ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ভাষ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল। এছাড়া এর একদিন আগে উপজেলার বেতাগী ইউনিয়নেও আগুনে পুড়ে যায় এক সিএনজি চালকের বসতঘর।

রাঙ্গুনিয়ায় নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) লালানগর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভায় লালানগর ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিন একইসঙ্গে লালানগর ইউনিয়নের প্রায় ৫০ জন শীতার্ত নারী-পুরুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। তিনি জানান, তার গাড়িতে সবসময় শীতবস্ত্র রাখা থাকে। সভার ফাঁকে কিছু শীতার্ত বৃদ্ধ নারী-পুরুষের সঙ্গে দেখা হওয়ায় তাদের মাঝে প্রায় ৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগেও বেতাগী ইউনিয়ন ও রাঙ্গুনিয়া পৌরসভায় সীমিত পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ইউএনও বলেন, গণভোট সম্পর্কে অনেক সাধারণ মানুষেরই পরিষ্কার ধারণা নেই। গণভোটের চারটি প্রস্তাবনা ও সংশ্লিষ্ট উপ-বিষয়গুলো আগেভাগে জনগণকে জানানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, শনিবারের সভায় প্রায় দেড় শতাধিক মানুষ অংশ নেন এবং ধারাবাহিকভাবে উপজেলার সব ইউনিয়নে এ ধরনের সভা আয়োজন করা হবে।

উল্লেখ্য, এর আগে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নেও একই ধরনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়ায় প্রথম ‘শান্তির পথে’ ম্যারাথন: কুয়াশা ঢাকা সকালে শান্তি ও সচেতনতার পদচারণা

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: শীতের কুয়াশায় ভোরের নরম আলোয় ঢাকা রাঙ্গুনিয়ার গ্রামীণ সড়ক। নিস্তব্ধতা ভেঙে দৌড়ে চলেছেন একদল মানুষ। সবাই এক লক্ষ্য নিয়েই এগোচ্ছেন—সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘শান্তির পথে’ ম্যারাথন দৌড় ২০২৫। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় রাঙ্গুনিয়ার গোডাউন কর্ণফুলী ব্রিজ এলাকা থেকে শুরু হয় ৭ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন। দৌড়টি শেষ হয় সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর মার্কেটে। পুরো রুট জুড়ে অংশগ্রহণকারীদের পায়ে ছিল ছন্দ, আর মনে ছিল শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়।

ম্যারাথনে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সবার গেঞ্জি একই রকম, যা ম্যারাথনের একতা ও সমন্বয়কে আরও দৃঢ় করে। আয়োজকরা জানান, দৌড়পথে পানি বিতরণ স্টেশন, স্কাউট ও স্বেচ্ছাসেবক দল, মেডিক্যাল টিম এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

দৌড় শেষ হওয়ার পর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা অ্যাওয়ার্ড, মেডেল ও সনদ বিতরণ করা হয়।

আয়োজক সংগঠন ‘চলো যাই রাঙ্গুনিয়া’-এর অ্যাডমিন আরিফুল হক চৌধুরী বলেন, “এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা, তরুণ সমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে দেশব্যাপী তুলে ধরা।”

ম্যারাথন সফল করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙ্গুনিয়া পৌরসভা, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের অবদানকে সম্মাননা দেওয়া হয়। স্পন্সর হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সক শপ, সরফভাটা সমিতি চট্টগ্রাম ও আবদুর রাজ্জাক ফাউন্ডেশনকে বিশেষ স্মারক প্রদান করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এই ম্যারাথন শুধু ক্রীড়া আয়োজন হিসেবে নয়, বরং রাঙ্গুনিয়ায় শান্তি, সচেতনতা ও সামাজিক ঐক্যের প্রতীক হয়ে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

ফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ইটভাটার অটো ব্রিকস মেশিনে আটকে রায়হান উদ্দীন (১৯) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের এম এ ব্রিক্স নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি ফটিকছড়ির রেজাউল করিমের মালিকানাধীন এম এ ব্রিক্স ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা অটো ব্রিকস মেশিনে আটকে যায়। একপর্যায়ে মেশিনটি তাকে ভেতরে টেনে নেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফটিকছড়ি থানা পুলিশ বিষয়টি তাদের জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে মেশিনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাউজানে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে ইটবাহী চাঁদের গাড়ির ধাক্কায় মো. জাবেদ আলম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফকিরটিলা এলাকার ইয়াছিন শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের বশরত আলীর বাড়ির প্রবাসী আহমদ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে জাবেদ আলম মোটরসাইকেলে করে উপজেলার আমির হাট বাজারে একটি ওরশ উপলক্ষে দাওয়াতের চিঠি পৌঁছে দিতে যান। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইয়াছিন শাহ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী চাঁদের গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন: দাদি ও নাতনির মৃত্যু, পুড়েছে ছয়টি ঘর

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পুড়ে গেছে অন্তত ছয়টি কাঁচা বসতঘর।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং তার নাতনি মো. সুমনের শিশু কন্যা জান্নাত আক্তার (৫)।

এ ছাড়া অগ্নিকাণ্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট বিভিন্ন পরিমাপের ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি বসতঘরের ভেতরে আটকা পড়ে রুমি আক্তার ও জান্নাত আক্তার। পরে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মন্নান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা পেলেন সেবাপ্রত্যাশীরা

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে-তে সেবাপ্রত্যাশী বেশ কয়েকজনের সমস্যা ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী। অভিযোগ ও সমস্যাগুলো পর্যালোচনা করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

ওপেন হাউজ ডে-তে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএমসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিএমপি কর্তৃপক্ষ জানায়, নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই নিয়মিত এ ধরনের ওপেন হাউজ ডে আয়োজন করা হচ্ছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গুনিয়ায় যুবদল ও ছাত্রদলের স্বাগত মিছিল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : ‘মা, মাটি ডাকছে—তারেক রহমান আসছে’ এবং ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সেখানে মিছিল করেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।

উপজেলা ও পৌরসভা যুবদল এবং ছাত্রদলের ব্যানারে মঙ্গলবার দুপুরে এই স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করছেন। ২৫ ডিসেম্বর তিনি দেশে পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে  নিজ বাসভবনে ফিরবেন।

বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে তারেক রহমানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সরকার তাঁর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছে।

রাঙ্গুনিয়ায় মাটিকাটা গর্তে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটিকাটায় সৃষ্ট গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. রুমান (৭)।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পাশে মাটিকাটা গর্ত থেকে রুমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, শিশুটির বাড়ির পাশে মাটি নেওয়ার ফলে সৃষ্ট একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাঙ্গুনিয়ায়  ‘ডেভিল হান্ট’ অভিযানে ৬ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরকার ঘোষিত ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে চার দিনে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক এক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ডেভিলহান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২১ ডিসেম্বর উপজেলার লালানগর ইউনিয়ন থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম (৬০) এবং একই ওয়ার্ডের বাসিন্দা উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার (৫৯)।

এর আগে ১৯ ডিসেম্বর রাতে লালানগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আজগর হোসেন (৩৮) এবং একইদিন রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইকবাল হোসেন (৬০)–কে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৮ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রেজাউল করিম (৬০) এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবু জাফর (৩৮)–কে।

এছাড়া রবিবার (২১ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ডেভিলহান্ট অভিযানে গ্রেপ্তারদের বিষয়ে পুলিশ আরও জানায়, আটককৃত অভিযুক্তদের রাঙ্গুনিয়া থানার ২০২৪ সালের ৩০ আগস্ট ও ১৫ সেপ্টেম্বরের এফআইআর নং–১৩ ও ১০ এবং জিআর নং–৮৪ ও ৯৫–এর বিভিন্ন ধারায় পেনাল কোড, ১৮৬০–এর মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ

হাটহাজারী (চট্টগ্রাম): ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রপথিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং খুনীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে হাটহাজারী পৌরসভার ডাক বাংলো চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির, সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, মাওলানা মতিউল্লাহ নুরী, গণ অধিকার পরিষদ-এর সভাপতি মোহাম্মদ শোয়াইব, আসাদুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহিদ শরীফ ওসমান হাদী তাঁর জীবন বিসর্জনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনাকে অম্লান করে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের যোদ্ধারা সংগ্রাম চালিয়ে যাবে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে ডাক বাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড ও জাগৃতি মোড় প্রদক্ষিণ করে কাচারি সড়ক হয়ে হাটহাজারী মাদ্রাসার সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

প্রাসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।

শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদে মাগরিব চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে শুরু হয়ে রাঙ্গুনিয়া থানা পর্যন্ত গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা ভারতে পালিয়ে গেছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। বক্তারা দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বারবার দেখা যাচ্ছে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতরা ভারতে আশ্রয় নিচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওয়াহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিউদ্দিন বাবুসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

যতদিন বেঁচে আছি, ওসমান হাদির মতোই বাঁচতে চাই—হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): “যতদিন বেঁচে আছি, যেন ওসমান হাদির মতোই বেঁচে থাকতে পারি”—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইসলামপুর মাখজানুল উলুম মাদ্রাসা মসজিদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে, জুমার নামাজের আগে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দোয়া চাইতে। গভীর কষ্টের সঙ্গে শহীদ ওসমান হাদির জন্য আপনাদের দোয়া কামনা করছি। জুলাই–আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেখানে আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন। তখন আমার এক প্রিয় ভাই বলেছিলেন—এই আন্দোলনে আল্লাহ কিছু ফেরেশতা পাঠিয়েছিলেন। কষ্টের সঙ্গে বলতে হয়, সেই ফেরেশতাদের একজনকে আল্লাহ আজ তাঁর কাছে ফিরিয়ে নিয়েছেন।”

তিনি আরও বলেন, “দেশের রাজনীতিতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা যারা রাজনীতির প্রথম কাতারে আছি, সবাই কোনো না কোনোভাবে হুমকির মুখে রয়েছি। তবু যতদিন বেঁচে থাকি, ওসমান হাদির মতো সাহস নিয়ে বাঁচতে চাই। এই তরুণ যে সাহস দেখিয়েছে, অনেক প্রবীণ রাজনীতিবিদও তা দেখাতে পারেননি।”

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সহিংসতার রাজনীতি থেকে দূরে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের ফাঁদে ফেলার নানা চেষ্টা চলছে। সেই ফাঁদে পা দেওয়া যাবে না। রাঙ্গুনিয়াকে ভাগ করার যে চেষ্টা চলছে, তা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।”

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, “আজ আমরা ওসমান হাদির জন্য দোয়া করতে এসেছি। তবে আমি আরেকটি নাম যুক্ত করতে চাই—যিনি গত ১৭ বছর ধরে আমাদের জন্য লড়াই করেছেন, সেই বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জুমার নামাজে তাঁর জন্য দোয়া করবেন।”
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে সুস্থভাবে দেশে ফিরতে পারেন, সে জন্যও দোয়া কামনা করেন তিনি।

শেষে হুম্মাম কাদের চৌধুরী নিজের ও তাঁর পরিবারের জন্যও সবার কাছে দোয়া চান।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় সাজা পরোয়ানা, মাদক ও ডেভিলহান্ট অভিযানে ৩ জন গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাজা পরোয়ানা, মাদকসেবন ও ডেভিলহান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন।

পুলিশ জানায়, সাজা পরোয়ানা মূলে মো. মজিদুল ইসলাম প্রকাশ সোহেল (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত সিআর মামলা নম্বর-২৫/২৪ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় দুই বছরের সাজা পরোয়ানা ছিল। তিনি উপজেলার গোডাউন মসজিদ সংলগ্ন পশ্চিম পাড়ার বাসিন্দা মো. মকবুল হোসেনের ছেলে।

এছাড়া ডেভিলহান্ট ফেজ-২ অভিযানে রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. নেজাম (২৬) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাঙ্গুনিয়া থানায় পেনাল কোড ১৮৬০-এর ৪৪৮, ৩২৩, ৩৪৭, ৩৮৬, ৪০৬, ৪২০, ৩৮৮ ও ৫০৬(২) ধারায় একটি মামলা (মামলা নং–১৩, জিআর নং–৮৪/২০২৪) দায়ের করা হয়েছিল। এই মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন হিসেবে তাকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদকসেবীকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় থানাধীন মরিয়মনগরের রশিদিয়া পাড়া এলাকার ২নং ওয়ার্ডের রাকিব (২৬) কে আটক করা হয়। মাদক সেবনের দায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

ওসি মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

ফুটপাত দখল ও যানজট কমাতে চট্টগ্রামে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণের পরিকল্পনা জানালেন মেয়র

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের হকার সমস্যা স্থায়ীভাবে সমাধানে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ফুটপাত দখল করে হকার ব্যবসা পরিচালনার ফলে নগরে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ সমস্যা নিরসনে পরিকল্পিতভাবে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট স্থাপন করা হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

সভায় কমিটির সদস্যরা নগরীতে মশার উপদ্রব বৃদ্ধির কথা তুলে ধরে ৪১টি ওয়ার্ডে একই দিনে সমন্বিতভাবে ক্রাশ প্রোগ্রাম পরিচালনার প্রস্তাব দেন। মেয়র এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার হবে।

এ সময় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার ব্যবসা পরিচালনার কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সদস্যরা। পাশাপাশি নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের জন্য মেয়রকে ধন্যবাদ জানিয়ে স্থায়ী পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর যানজটের অন্যতম কারণ হকার ব্যবসা। এ সমস্যা সমাধানে এর আগেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এবার দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের দিকে এগোনো হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট ব্যবস্থা নগরীর যানজট ও হকার সমস্যার কার্যকর সমাধান দিয়েছে। চট্টগ্রামেও এই মডেল বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।

বিজয়ের চেতনায় মানবিকতা: রাঙ্গুনিয়ায় এক হাজার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: বিজয় দিবসের মহিমায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রাঙ্গুনিয়া উপজেলা। স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে উপজেলার কোলাদা এলাকায় আয়োজন করা হয় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজিত এই মানবিক কর্মসূচির উদ্যোক্তা ছিল হাজী ওমর আলী ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিল পার্কভিউ হাসপাতাল এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্ক—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. এটিএম রেজাউল করিম—পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক্স সার্জন। তাঁর সঙ্গে আরও ১৫ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিভাগে রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। সাধারণ চিকিৎসার পাশাপাশি অর্থোপেডিক, মেডিসিন, গাইনি, ডেন্টাল, হৃদরোগ ও শিশু রোগ বিভাগে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।

এই ক্যাম্পের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এসব সেবা অত্যন্ত প্রয়োজনীয় হলেও অনেকের পক্ষেই নিয়মিত পরীক্ষা করানো সম্ভব হয় না। ফলে এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

চিকিৎসা নিতে আসা অনেক অসহায় ও দরিদ্র মানুষ বিনা খরচে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা এবং স্বাস্থ্য পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষায়, “বিজয় দিবসে এমন মানবিক আয়োজন আমাদের জন্য বড় উপহার।”

আয়োজকদের মতে, বিজয়ের প্রকৃত অর্থ কেবল উৎসবে সীমাবদ্ধ নয়—মানুষের পাশে দাঁড়ানোই স্বাধীনতার চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম পথ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

‘ডেভিলহান্ট’ অভিযানে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট ফেজ–২’-এর আওতায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল লতিফ (৫২), মো. তারেকুল ইসলাম চৌধুরী (৩৯) ও ওমর ফারুক (৩৯)।

পুলিশ সূত্র জানায়, রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী আদিলপুর এলাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে (৫২) নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর পশ্চিম পাড়া এলাকা থেকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরীকে (৩৯) আটক করা হয়। এছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের প্রচার ও গবেষণা সম্পাদক ওমর ফারুককে (৩৯) নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার এফআইআর নং–১৩ (তারিখ: ৩০ আগস্ট ২০২৪) ও জিআর নং–৮৪/২০২৪ এর মামলায় পেনাল কোড ১৮৬০-এর ৪৪৮/৩২৩/৩৪৭/৩৮৬/৪০৬/৪২০/৩৮৮/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন হিসেবে তাদের আদালতে হাজির করার জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি জানান, ‘ডেভিলহান্ট’ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় বন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. আজিম।

মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।

পুলিশ জানায়, মো. আজিম উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত শাহ আলমের ছেলে।

ওসি জানান, মো. আজিমের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতের সাজা পরোয়ানা থাকায় তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার (১৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম মোহাম্মদ নুরুল কবির (৩৪)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পদুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাকিল জানান, নিহত নুরুল কবির ওই বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় তিনি হঠাৎ ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “একটি সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।”

জানা যায়, নিহত শিক্ষকের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাউজানে নিরাপত্তা মহড়া, কঠোর বার্তা প্রশাসনের

চট্টগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক সচেতনতামূলক যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রামের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়—বাংলাদেশের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতা। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়; বরং আগামী একশ’ বছরের বাংলাদেশের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ গণভোট।

জেলা প্রশাসক আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে তারা কী ধরনের বাংলাদেশ চায়। ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, মানুষ আর রক্তপাত নয়—শান্তিতে বসবাস করতে চায়। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে ব্যক্তি নয়, শক্তিশালী ও নিরপেক্ষ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করবে। ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানান—কোনো স্বার্থের কাছে যেন কেউ নিজের মেরুদণ্ড ও বিবেক বিক্রি না করেন। পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি বলেন, কোনো অবস্থাতেই রাউজানে ভোটগ্রহণের পরিবেশে বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না। নির্বাচনকে ঘিরে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি অস্ত্রধারী সন্ত্রাসী, বালু সন্ত্রাসী ও অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানান। একই সঙ্গে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়ে সতর্ক থেকে তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বলেন, নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি)।

যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রাউজান উপজেলা পর্যন্ত গাড়িবহরের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয়, রাউজান উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯৫টি ভোটকেন্দ্রে প্রায় ৩ লাখ ৫০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভা শেষে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সমন্বিত উদ্যোগে রাউজানে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

শীতের সকালে মানবিক উষ্ণতা: চা শ্রমিকদের পাশে স্কোয়াড রাইডার্স

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: শীতের কুয়াশা ভেজা সকালে পাহাড়ঘেরা আগুনিয়া চা বাগানে ছিল অন্যরকম ব্যস্ততা। দৈনন্দিন কঠোর শ্রমের ফাঁকে একটুখানি স্বস্তি আর ভালোবাসার ছোঁয়া পেতে জড়ো হন চা শ্রমিক পরিবারগুলো। মহান বিজয় দিবসকে সামনে রেখে তাদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন যুব স্কোয়াড রাইডার্স—শীত উপহার আর বিনামূল্যের চিকিৎসা সেবা নিয়ে।

প্রতিবছরের মতো এবারও রাঙ্গুনিয়ার আগুনিয়া চা বাগানে আয়োজন করা হয় মানবিক এই কর্মসূচির। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ আয়োজনে একসঙ্গে মিলেছে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ ও শীতবস্ত্র বিতরণ।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চা বাগানের ২৫টি পরিবারের প্রায় ১০০ জন নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনেকেরই দীর্ঘদিনের ছোটখাটো অসুখ—যার চিকিৎসা নেওয়ার সুযোগ খুব কমই মেলে—সেই অসুখের জন্য মিলেছে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ। শীতের প্রকোপ থেকে কিছুটা স্বস্তি দিতে শ্রমিক পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয় কম্বল।

ক্যাম্পে উপস্থিত থেকে আন্তরিকভাবে চিকিৎসা সেবা দেন স্বাস্থ্য সহকারী ও সংগঠনের উপদেষ্টা কাজী মনসুর আহমেদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আগুনিয়া চা বাগানের ম্যানেজার মো. আলাউদ্দিন। সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দেন যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন। সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক রাহিম, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মো. কাউসারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে চা শ্রমিকদের মুখে ছিল স্বস্তির হাসি। অনেকেই বলেন, “এমন সময়ে এভাবে পাশে দাঁড়ানো আমাদের জন্য অনেক বড় পাওয়া।” মানবিক এই উদ্যোগের জন্য যুব স্কোয়াড রাইডার্সের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান চা শ্রমিকরা।

মানবতার পাশে দাঁড়ানোর এই প্রয়াস শুধু শীত নিবারণের আয়োজন নয়, বরং প্রান্তিক মানুষের জীবনে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া যুব স্কোয়াড রাইডার্সের নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিন ধরে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ আবারও চা শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও যুব স্কোয়াড রাইডার্সের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলায় সর্বোচ্চ সতর্কতার আহ্বান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রাম পুলিশ বা চৌকিদারদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে তিনি এ নির্দেশনা দেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত চৌকিদারদের উদ্দেশে ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, নির্বাচন উপলক্ষে প্রত্যেককে নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। চুরি, ছিনতাই কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া মাত্রই দ্রুত সরাসরি অফিসার ইনচার্জকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

প্যারেড অনুষ্ঠানে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাসহ গ্রাম পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার আহ্বান

চট্টগ্রাম: শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা–এর সভাপতিত্বে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ মোতাহার হোসেন, পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির মেধা ও মনন ধ্বংসের ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের কমিশনার বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই একটি মানবিক, প্রগতিশীল ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শহিদ বুদ্ধিজীবীদের মহান আত্মত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে যোগ্যতার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে হবে। তবেই পূর্ণতা পাবে আত্মত্যাগকারী অগ্রজদের স্বপ্ন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : তফসিল ঘোষণার মধ্য দিয়ে বিএনপির গত ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের বাচা বাবা শাহ (রহ.) মাজার জিয়ারত ও নিকটবর্তী জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর গতকাল আমাদের আন্দোলন সফল হয়েছে। ১৭ বছর পর দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে যাচ্ছে।”

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনী বিধিমালা যেভাবে দেওয়া হয়েছে, সবাই তা সম্মানের সঙ্গে মেনে চলবেন। এতে প্রমাণ হবে—বাংলাদেশ পুরোনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, “আজ থেকে আমাদের নির্বাচনি কার্যক্রম শুরু হবে। তবে তা হবে নির্বাচন কমিশনের সব লিখিত নির্দেশনা মেনে।”

মোটরসাইকেল শোডাউন, ব্যানার-ফেস্টুন ইত্যাদি প্রচারণা পদ্ধতি প্রসঙ্গে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আজ থেকে কোনো ধরনের মোটরসাইকেল শোডাউন, বড় পোস্টার বা ব্যানার করা যাবে না। এগুলো পরিহার করলেই নতুন রাজনীতির একটি ভালো দৃষ্টান্ত তৈরি হবে।”

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন।

অন্যদিকে একইদিন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার–পোস্টার অপসারণ শুরু করেছে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

ইসির নির্দেশ মেনে রাঙ্গুনিয়ায় ব্যানার–ফেস্টুন সরালেন জামায়াত প্রার্থী নিজেই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এটিএম রেজাউল করিম নিজ উদ্যোগে তার সব ধরনের নির্বাচনি ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটাল সংলগ্ন এলাকা থেকে ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।

ডা. রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম সবার জন্য সমান। ন্যায়সংগত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দেশনা মানা প্রতিটি প্রার্থীর দায়িত্ব। তাই আমি নিজেই ব্যানার সরানোর কাজ শুরু করেছি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকেই শুক্রবার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের হাতে নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণ করেন জামায়াতের এই প্রার্থী।