উপদেষ্টা পরিষদের বিশেষ সভা: খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।
এদিন বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে আইনটির কয়েকটি ধারা পরিবর্তিত হয়েছে, এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তও শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। সামগ্রিকভাবে আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।
সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়াও উপস্থাপন করা হয়। খসড়াটি আরও পরিমার্জন করে পরবর্তী সভায় পুনরায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটক থাকা অবশিষ্ট ২৪ বাংলাদেশিকে খুব দ্রুতই মুক্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।
