সাতকানিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার রোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমীর হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা খোরশেদ আলম।
এতে স্থানীয় ইউপি সদস্য মাহবুব, মোজাম্মেল হক, শিক্ষক ইমরান হোসাইন, মোহাম্মদ ইদ্রিস, সাংবাদিক ইমরান সোহেল, মো. ইউছুপ, সেলিম উদ্দিন, আজগর আলী, আমিনুল ইসলাম, আব্দুর রশিদ, আবুল কাশেম, ইউনুস, মোহাম্মদ আলী, আহত কামাল উদ্দিন, শাহরিয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এর প্রভাব একটি পরিবার ও পুরো সমাজের ওপর পড়ে। মাদকের কারণে তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধন থেকে আমিলাইষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ পুরো এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন আয়োজকেরা।
