লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নাজমুল মোস্তফা আমিন, রোগীদের হাতে দিলেন মৌসুমী ফল

রোগীদের সঙ্গে কথা বলে শুনলেন নানা সংকট

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য লায়ন নাজমুল মোস্তফা আমিন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সহমর্মিতার নিদর্শন হিসেবে রোগীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

এর আগে হাসপাতালের কনফারেন্স হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নাজমুল মোস্তফা আমিন। এ সময় হাসপাতালের জনবল সংকট, চিকিৎসাসেবার মান, রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শোনেন তিনি।

মতবিনিময় সভায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহসভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট শফিকুল আলম (লিটন), উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দীন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম, মো. রিয়াদ, ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দীনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন বলেন, “মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মৌলিক দায়িত্ব। একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধার অভাবে কষ্ট না পান, সেটি নিশ্চিত করা জরুরি। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা ও সংকটগুলো সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে রোগীরা আরও উন্নত সেবা পাবেন। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।