রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্ণব সাহা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা শেষে অর্ণব সাহা সহপাঠীদের সঙ্গে কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।
পরে সহপাঠীরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত তাকে চুয়েট মেডিক্যালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
