রাঙ্গুনিয়ায় ব্যাংক এশিয়ার রেমিট্যান্স সুরক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে ‘রেমিট্যান্স সুরক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে অবস্থিত দক্ষিণ রাজানগর ইউডিসি এজেন্ট পয়েন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং বিভাগের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মতিউর রহমান উপস্থিত গ্রাহক ও অতিথিদের রেমিট্যান্স সুরক্ষা, নিরাপদে রেমিট্যান্স লেনদেন এবং এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় উপস্থিত গ্রাহকদের কাছ থেকে রেমিট্যান্স সেবা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে মতামত গ্রহণ করা হয়। গ্রাহকরা সেবা গ্রহণের অভিজ্ঞতা, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন।

কর্মশালায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিরাপদে গ্রহণ, গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং বৈধ ও নিরাপদ ব্যাংকিং চ্যানেলে লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে গ্রাহকদের আরও সহজ ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা উপস্থিত ছিলেন।