তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (ছবি: সংগৃহীত)

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য জানান।

এর আগে তারেক রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত জানানোর সুযোগ সীমিত উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত অবস্থায় পৌঁছালেই তিনি দেশে ফিরবেন।

তারেক রহমানের সেই পোস্টের পর অনেকেই তাদের প্রশ্ন জানান প্রেস সচিব শফিকুল আলমকে। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তার কাছে অনেকে জানতে চেয়েছেন—তারেক রহমানের দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি বা বিধিনিষেধ আছে কি না।

জবাবে প্রেস সচিব স্পষ্টভাবে জানান, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


উপদেষ্টা পরিষদের বিশেষ সভা: খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

এদিন বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে আইনটির কয়েকটি ধারা পরিবর্তিত হয়েছে, এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তও শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না। সামগ্রিকভাবে আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়াও উপস্থাপন করা হয়। খসড়াটি আরও পরিমার্জন করে পরবর্তী সভায় পুনরায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটক থাকা অবশিষ্ট ২৪ বাংলাদেশিকে খুব দ্রুতই মুক্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।

নির্বাচন ঘিরে রেড-ইয়েলো-গ্রিন জোন চিহ্নিত করা হবে: সিইসি

ডেস্ক রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ৫ আগস্টের পর পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও তুলনামূলকভাবে অনেকটাই উন্নতি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করে সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি-সহ সংশ্লিষ্ট বাহিনীগুলো নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে, যা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন জাতিকে একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে তাদের অঙ্গীকার পূরণ করবে।

ইউনিয়ন পরিষদে সেবা মান উন্নয়নে জেলা প্রশাসকের নির্দেশনা

চট্টগ্রাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের অধীনে এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম মোঃ শরীফ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য ইউনিয়ন পরিষদে আগত সেবাপ্রত্যাশীরা যেন ভালো আচরণ ও প্রয়োজনীয় সেবা পান তা নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের আরও মনোযোগী, মানবিক ও সেবামুখী হতে হবে।”
তিনি আরও বলেন, “ছোট ছোট বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি না হলে জনগণকে বারবার বিভিন্ন অফিস-আদালতে ঘুরতে হয়। এ কষ্ট লাঘব করতে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা যথাযথভাবে কার্যকর করতে হবে।”
সেবা প্রদানে আন্তরিকতা, নৈতিকতা, মানবিকতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সংস্থা ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম ফরিদুল আলম।

সভাপতির বক্তব্যে উপপরিচালক, স্থানীয় সরকার মোঃ শরীফ উদ্দীন বলেন, ইউনিয়ন পরিষদ মাঠপর্যায়ে সরকারের নীতিমালা বাস্তবায়নের প্রধান প্রতিষ্ঠান। জনগণের সেবা গ্রহণের পরিবেশ আরও উন্নত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রদত্ত আইনগত ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

এতে জানুয়ারি থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত চট্টগ্রামের ১৯১টি ইউনিয়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, ছদাহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আবছার ও লেলাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আসলাম।

সভায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৯১টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী ২৬ নভেম্বর, সেরাদের জন্য থাকছে পুরস্কার

রাঙ্গুনিয়া: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে “জাতীয় প্রাণীসম্পদ সাপ্তাহ – ২০২৫” উপলক্ষে আগামী বুধবার (২৬ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী “প্রাণীসম্পদ প্রদর্শনী”।

উপজেলার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে খামারী, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন স্টল। প্রাণিসম্পদ বিষয়ে পরামর্শ সেবা এবং বিভিন্ন ক্যাটেগরিতে সেরা প্রদর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার।

লক্ষ্য ও উদ্দেশ্য
প্রদর্শনীর মূল লক্ষ্য—প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক লালন-পালন কৌশল অবিহিত করা, উন্নত জাতের পশুপাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করা।

যেসব স্টল থাকবে
প্রদর্শনীতে দেখা যাবে—উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়
উন্নত জাতের মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও বিভিন্ন ধরনের পোষা পাখি, বিভিন্ন পোষা প্রাণী, স্থানীয়ভাবে উৎপাদিত দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি), মাংস প্রক্রিয়াজাত পণ্য, ঔষধ কোম্পানি, প্রাণিখাদ্য এবং আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শনী।

স্টল বুকিং
মোবাইল: ০১৩২৪-২৯০৯৫৯

প্রদর্শনী-সংক্রান্ত সব তথ্য গণমাধ্যমকে সরবরাহ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমীন আক্তার।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের গভীর শ্রদ্ধা

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বার্তায় তারেক রহমান বলেন, মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদপ্রতিম নেতা মওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন সংগ্রাম করেছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে তাঁর অবস্থান সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছিল।

তারেক রহমান বলেন, জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে মওলানা ভাসানী জনস্বার্থের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্ব অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিল।

তিনি আরও বলেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর দেশপ্রেম ও মানবতার আদর্শ অনুসরণ করতে পারলেই জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

চট্টগ্রামে আধুনিক বৃদ্ধাশ্রম নির্মাণে চট্টগ্রাম সমিতি লন্ডনের ১০০ কোটি টাকার সহায়তার ঘোষণা

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, সময়ের চাহিদা অনুযায়ী এখন চট্টগ্রামে নিরাশ্রয় ও অসহায় প্রবীণ নাগরিকদের জন্য একটি আধুনিক বৃদ্ধাশ্রম ও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

সম্প্রতি লন্ডনের চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময়ে মেয়র এই আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বহু স্কুল, কলেজ, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা থাকলেও প্রবীণদের জন্য নিবেদিত কোনো বৃদ্ধাশ্রম বা ডেডিকেটেড হেলথ কেয়ার সেন্টার এখনো গড়ে ওঠেনি।

মেয়রের এই মানবিক আহ্বানে চট্টগ্রাম সমিতি লন্ডন গভীরভাবে উদ্বুদ্ধ হয় এবং এ বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। এ প্রেক্ষিতে মেয়র ডা. শাহাদাত হোসেন ৪০ শতক জমি প্রদানের প্রতিশ্রুতি দেন, যেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সমিতি লন্ডনের যৌথ উদ্যোগে একটি আধুনিক বৃদ্ধাশ্রম ও হেলথ কেয়ার সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম সমিতি লন্ডন এ প্রকল্প বাস্তবায়নের জন্য ১০০ কোটি টাকার ফান্ড রেইজের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি চট্টগ্রামের প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে একটি যুগান্তকারী ও মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মেয়র মন্তব্য করেছেন।

মেয়র আশা প্রকাশ করেন, চট্টগ্রাম সমিতি লন্ডনের এই উদ্যোগ শুধু প্রবাসী চট্টগ্রামবাসীরই নয়, বরং সমগ্র চট্টগ্রামবাসীর জন্য একটি গৌরবের বিষয় হয়ে উঠবে।

সূত্র: মেয়র ডা. শাহাদাত হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজ
প্রকাশের তারিখ: ১২ নভেম্বর ২০২৫

 

ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন ১০ নভেম্বরের পর গ্রহণ হবে না

ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ নভেম্বরের পর গ্রহণ করা হবে না। নির্বাচন কমিশন মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য জানায়।

নির্বাচন কমিশনের অফিস আদেশে বলা হয়েছে, বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য নির্বাচনের সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারণ করা হয়েছে।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর জানাজা আজ নিজ এলাকায়

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর আজ রবিবার (১৯ অক্টোবর) নিজ নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, সন্দ্বীপের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টা ১৫ মিনিটে এনাম নাহার মোড়সংলগ্ন পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে নিহত প্রবাসীদের সম্মিলিত জানাজা অনুষ্ঠানের ঘোষণা ছিল। সকাল থেকেই সেখানে হাজারো মানুষ সমবেত হন। তবে নিহতদের পরিবার ও স্থানীয়দের সিদ্ধান্তে সেখানে জানাজা না হয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মরদেহগুলো জানাজার জন্য নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

প্রাপ্ত তথ্যমতে, প্রবাসী সাহাব উদ্দিনের জানাজা সকাল ১১টা ৩০ মিনিটে নিজ বাড়ি সংলগ্ন সাঈদ মার্কেটের দারুল উলুম মাদ্রাসার পশ্চিম পাশে মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই স্থানে প্রবাসী বাবলুর জানাজাও সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রবাসী রনির জানাজা দুপুর ১২টায় তালুকদার মার্কেট এলাকায়, প্রবাসী আরজুর জানাজা সকাল ১১টা ৩০ মিনিটে নিজ এলাকায়, প্রবাসী জুয়েলের জানাজা সকাল ১১টা ৩০ মিনিটে মাইটভাঙ্গা কালু সর্দার বাড়ি সংলগ্ন জমার গো স্কুল মাঠে, প্রবাসী রকির জানাজা সকাল ১১টা ৩০ মিনিটে সাগরিকা বাংলাবাজারে এবং প্রবাসী আরজুর জানাজা সকাল ১১টা ৩০ মিনিটে সারিকাইত ৪ নম্বর ওয়ার্ড খান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল শনিবার রাত সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।

নিহত সাতজন প্রবাসী সাগরে মাছ শিকারের কাজে যুক্ত ছিলেন। তারা হলেন— আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)।

স্বজনদের বরাতে জানা যায়, গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় ওই সাত প্রবাসী বহনকারী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, “সাতজন রেমিট্যান্স যোদ্ধার অপ্রত্যাশিত ও আকস্মিক মৃত্যু সন্দ্বীপবাসীকে শোকাহত করেছে।”

এইচএসসি পরীক্ষায় সেনা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। সেনাবাহিনীর অধীনে পরিচালিত ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৮ হাজার ৭১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬ হাজার ৮২৬ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮ দশমিক ০৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৩৬ দশমিক ৪৭ শতাংশ, যা জাতীয় পর্যায়ে একটি উল্লেখযোগ্য অর্জন বলে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩৭টি বাংলা মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এই ধারাবাহিক সাফল্যের পেছনে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়কে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সেনাসদরের দিকনির্দেশনা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নিয়মিত তদারকি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, অনুষদ সদস্য ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতাও এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ

প্রসঙ্গত, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।  সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

এবছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে।

গত ২৬ জুন শুরু হয় এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। চলতি বছর নয়টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের চেয়ে ৭২ হাজার ৮৮৩ জন কম। ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১৬০৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে এ পরীক্ষায় বসেন। গত ১৯ অগাস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

সেনাবাহিনীতে নবীন সৈনিকদের যোগদান: আর্মি সার্ভিস ও মেডিকেল কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুল (এএসসিসিএন্ডএস) এবং শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল (এএমসিসিএন্ডএস)-এ এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া এবং মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া। তারা কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

নান্দনিক ও চৌকষ এই কুচকাওয়াজের মধ্য দিয়ে আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের অবদানের কথা তুলে ধরেন। তারা নবীন সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান এবং দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ

দেশজুড়ে টাইফয়েড টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গুনিয়ায়ও উদ্বোধন

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কার্যক্রম রবিবার থেকে শুরু হয়েছে। সরকারের উদ্যোগে প্রায় পাঁচ কোটি শিশু ও কিশোর বিনামূল্যে এই টিকা পাবেন। জন্মনিবন্ধন না থাকা শিশুরাও টিকার আওতায় থাকবেন। কর্মসূচি মাসব্যাপী চলবে এবং ১৩ নভেম্বর শেষ হবে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া শিশু মেলা মডেল স্কুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শরমা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জন্মসনদবিহীন শিশুরাও টিকার আওতায় থাকবেন। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকাটি আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহায়তায় সরকার পেয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই টিকাটি সম্পূর্ণ নিরাপদ। নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে ইতিমধ্যেই সফলভাবে ব্যবহৃত হয়েছে এবং কোনো দেশে বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় টিকা পাবেন। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুকে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও।

সরকারের লক্ষ্য—এই ক্যাম্পেইনের আওতায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়া। ইতিমধ্যেই ১ কোটি ৬৮ লাখ শিশু নিবন্ধন করেছে এবং নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। জন্মসনদ না থাকলেও নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে, যা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

প্রথম ১০ কর্মদিবসে বিদ্যালয়ভিত্তিক টিকাদান চলবে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে। প্রতিদিন গড়ে প্রায় ৯ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।

রাঙ্গুনিয়ায় মোট ১ লাখ ১১ হাজার ৬০৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল-মাদ্রাসায় টার্গেট ৭৭ হাজার ৮৮৪ জন এবং কমিউনিটি টার্গেট ৩৩ হাজার ৭২৩ জন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪২০টি স্কুল-মাদ্রাসায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের সাত বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই ওমানে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, মাছ ধরা শেষে ফেরার পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

একই এলাকার সাতজন প্রবাসীর একসঙ্গে মৃত্যুতে সারিকাইতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের মধ্যে কেউ কেউ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যা এই শোককে আরও বেদনাদায়ক করে তুলেছে।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি তদারকি করছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজের নিবন্ধন

ছবি: সংগৃহীত

ডেস্ক: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের শর্ত শিথিল করেছে। এখন মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজের নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) হজ-১ শাখা থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, হজের নিবন্ধন প্রক্রিয়ায় মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা সম্ভব হলেও, হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর সময় অবশ্যই পাসপোর্ট সিস্টেমে মেয়াদ আপডেট করতে হবে। হালনাগাদ না করলে ভিসা ইস্যু হবে না।

উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী, আসন্ন ২০২৬ সালের হজের নিবন্ধন কার্যক্রম আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে।

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

ডেস্ক: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রিয়াদে এই দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটি প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি।

১৯৭৬ সাল থেকে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে কাজ করছে, তবে এতদিন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে। এটি ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও ড. আসিফ নজরুলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সৌদি আরবে কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তারা পালন করে এবং দেশে ফেরার ইচ্ছুক কর্মীরা যেন দ্রুত এক্সিট ভিসা পান।

সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রবাসী কর্মীদের কল্যাণ এবং সুরক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশনের উপপ্রধান এস এম নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ।

শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

ঢাকা: খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ কথা জানান তিনি।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এবিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া, গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে।

কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছেন। কমিশনের কাজের চুড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন।

আজকের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন।

থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে: চট্টগ্রামে প্রশিক্ষণ উদ্বোধন

চট্টগ্রাম: “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। রবিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ। তিনি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় ও স্থানীয় নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য পুলিশের দক্ষতা, সততা ও নিষ্ঠা অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পুলিশের দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে।”

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় জনগণের ভোটাধিকার নিশ্চিতে আমাদের সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন সময়ে জনপদে পুলিশের উপস্থিতি জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তা সৃষ্টি করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), হাটহাজারি সার্কেল অফিসার, প্রশিক্ষক এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ প্রশিক্ষণ কর্মসূচি নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ডেস্ক: নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ারের ওপর চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আরশিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আনোয়ার হোসেনের (সদর সার্কেল) নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বীরপুর এলাকার পুরানপাড়ায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিদর্শনে যান। ফেরার পথে শহরের আরশিনগর মোড়ে কয়েকজন ব্যক্তি যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ দুজনকে হাতেনাতে আটক করে।

আটকের খবর শুনে তাদের ছাড়াতে ৩০–৪০ জনের একটি সন্ত্রাসী দল অতিরিক্ত পুলিশ সুপারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। পুলিশ কর্মকর্তা তাদের ছাড়াতে রাজি না হওয়ায় তারা হামলা চালায়—কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে আহত হন। সন্ত্রাসীরা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ সদস্যরা শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় ওঠে। চট্টগ্রামের সাংবাদিক জাহেদ হাসান তালুকদার তার ফেসবুকে লিখেছেন, “এটা কেমন বাংলাদেশ! চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা।” ঢাকার সাংবাদিক জাহেদুল ইসলাম আরিফ লিখেছেন, “সাহস আর সততা থাকলে মার খেতে হয়, সেটি আপনিই বলতেন আমাকে। আর আজ আপনার ওপর এহেন হামলা। সুস্থ হয়ে উঠুন, বড় ভাই।”

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

ডেস্ক: গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে।

এ ঘটনায় মোট পাঁচজন নিখোঁজ হয়েছিলেন বলে জানা যায়। সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপে ওই রাতেই দুইজনকে জীবিত ও এক শিশুর মৃতদেহ উদ্ধার এবং পরদিন (০১ অক্টোবর) সকালে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ছয়জন যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও নিখোঁজ দুই যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা শুধু নিরাপত্তার অঙ্গীকারেই নয়, বরং মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ

“মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” বাস্তবায়নে চট্টগ্রামে জেলা টাস্কফোর্স সভা

চট্টগ্রাম: “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।

সভায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনার সরকারি নির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ইলিশ সংরক্ষণ অভিযান সংক্রান্ত জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পালন, দরিদ্র মৎস্যজীবীদের সহায়তা প্রদান এবং অভিযান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দুদকের চার জেলায় এনফোর্সমেন্ট অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

ছবি: সংগৃহীত

ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে আজ (২৪ সেপ্টেম্বর ) চারটি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

সব অভিযানে অবৈধ পদোন্নতি, ভুয়া জন্মনিবন্ধন, সরকারি অর্থ আত্মসাৎ এবং নিম্নমানের চাল মজুদসহ নানা অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে কমিশন।

অভিযান ০১ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগের এক ডিজিএমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে ব্যক্তিগত নথি সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে টিম জানায়। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০২ : নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা নাগরিককে জন্ম নিবন্ধন সনদ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী একটি অভিযান চালায়। টিম অভিযোগ সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সেবাপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে। টিম ইউনিয়ন পরিষদ থেকে অন্যান্য ইউনিয়নের বাসিন্দাদেরও জন্ম নিবন্ধন সনদ দেয়া হচ্ছে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহ করে। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দালালদের বিষয়ে কঠোর হওয়ার আশ্বাস দেন।

অভিযান ০৩ : ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পরিষদ থেকে আবেদন ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ একটি টিম অভিযান চালায়। তদন্তে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে ৪৭টি প্রকল্প নেয়া হয়, যার মধ্যে ১৭টি প্রকল্প ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালি ইউনিয়নে। এসব প্রকল্পের টাকা ছাড় হলেও কাজ বাস্তবায়ন হয়নি। এছাড়া পারিবারিক গোরস্থানকে সামাজিক গোরস্থান দেখিয়ে টাকা উত্তোলন এবং বসতবাড়িতে নামমাত্র কওমি ও হাফিজিয়া মাদ্রাসার নামে বরাদ্দ নেয়া হয়েছে বলে টিম প্রমাণ পায়।

অভিযান ০৪ : কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদ ও কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ১৩০ বস্তা চাল যাচাই করে নিম্নমানের প্রমাণ মেলে। পাশাপাশি তালিকাভুক্ত কৃষকদের মধ্যে অধিকাংশ নাম ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়।

দুদক জানায়, অভিযানে সংগৃহীত সব রেকর্ডপত্র ও তথ্য যাচাই শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সূত্র: দুর্নীতি দমন কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ (Anti-Corruption Commission – Bangladesh) থেকে নেয়া।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো (Antonio Alessandro)।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ভবিষ্যতে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কূটনৈতিক বন্ধন আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

সূত্র: বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক থেকে।

ধর্ম নিয়ে বিদ্বেষকারীরা দেশ–জনগণের বন্ধু নয় : রাঙ্গুনিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে এসপি

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, “এখন গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অনেক পুরনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সুপরিকল্পিতভাবে জনগণকে উত্তেজিত করা হচ্ছে। দেশে বা বিদেশে থেকে যারা এ ধরনের কাজ করছে তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না। তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান—কারোই বন্ধু নয়। যারা ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ায়, তারা কখনোই জনগণের বা দেশের বন্ধু হতে পারে না।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের কথার বিশেষ গুরুত্ব রয়েছে। গুজব প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি যাচাই-বাছাই করে জনগণকে সঠিক তথ্য জানাতে হবে। সাংবাদিকদের ওপর আস্থা আরও বাড়িয়ে তোলার এটাই উপযুক্ত সময়।”

এসপি সাইফুল ইসলাম সানতু আশ্বাস দিয়ে বলেন, “জনশান্তি ও জনশৃঙ্খলা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় প্রস্তুত। সাংবাদিকসহ সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল আরডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), রাঙ্গুনিয়া মডেল থানা অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারের মৃত্যু, রাঙ্গুনিয়ায় সহকর্মীদের শোক

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনসহ নিকটস্থ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। এসময় ফায়ার ফাইটার শামীম আহমেদ দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

শামীম আহমেদ নেত্রকোনা জেলার বাসিন্দা ছিলেন। তিনি ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আরও এক সহকর্মীকে হারালাম। ২০০৪ সালের ব্যাচের সদস্য শামীম, যিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন, আজ অগ্নিদুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

ওমানে রাঙ্গুনিয়ার দুই প্রবাসীর মৃত্যু, একজন সড়কে, অন্যজন অসুস্থতায়

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রাঙ্গুনিয়ার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। একজন প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়, অন্যজন অসুস্থজনিত কারণে।

প্রয়াতদের একজন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিশ্চিন্তাপুর এলাকার মো. ফারুক (৩৫)। তিনি মৃত আরবান আলীর ছেলে। অন্যজন ময়ূর উদ্দিন (২২), পারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর পারুয়া এলাকার আবুল হাশেমের ছেলে।

ফারুকের মৃত্যুর বিষয়ে একই এলাকার ওমানপ্রবাসী জামাল উদ্দিন জানান, তিনি সোহার গাদাফান এলাকায় ফ্রি ভিসায় কাজ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার লিভারের সমস্যা শনাক্ত করেন। পরে দেশে পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে আবার হাসপাতালে নেওয়া হলে গত শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফারুকের এলাকার বাসিন্দা মো. সোহেল জানান, তিনি প্রায় ১০ বছর ধরে প্রবাসে ছিলেন। দেড় বছর আগে সর্বশেষ বাংলাদেশে এসে পুনরায় ওমানে পাড়ি জমান। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, ময়ূরের বড় ভাই আবদুল সুক্কুর জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওমানের বোয়ালী এলাকায় আরবাবের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গাড়িতে আরও তিনজন ছিলেন। গাড়ি উল্টে গেলে সবাই আহত হন। তবে ময়ূরের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রায় ৩ বছর আগে প্রবাসে যান তিনি। সর্বশেষ ৪-৫ মাস আগে দেশে এসে আবারও ওমানে ফিরে যান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার লাশ দেশে পাঠানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে কথা চলছে।

এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার সিরাজুম মুনিরা লাজুকের ইন্তেকালে বাংলাদেশ পুলিশের শোক

ডেস্ক: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার বিশেষ পুলিশ সুপার সিরাজুম মুনিরা লাজুক বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, সিরাজুম মুনিরা লাজুক ১৯৭৮ সালে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরহোগলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনে দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন এই কর্মকর্তা।

এসবি ঢাকার অধীনে তিনি ট্রেনিং অ্যান্ড রিসার্চ উইং, স্কুল অব ইন্টেলিজেন্স, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স শাখায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স উইং) হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুম মুনিরা লাজুকের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

৩৪ বছরের সেবা শেষে বিদায় নিলেন অতিরিক্ত আইজি তমিজউদ্দীন

ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম, ৩৪ বছরের দীর্ঘ সেবাজীবনের পর অবসরে যাচ্ছেন। তাঁর বিদায় উপলক্ষে আজ (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধান এবং হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। আইজিপি তার সততা ও সুনামের প্রশংসা করেন এবং সুস্থ জীবন কামনা করেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত হন সরদার তমিজউদ্দীন আহমেদ। তিনি ঝালকাঠি ও মাদারীপুর জেলার পুলিশ সুপার এবং পরে রেলওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিদায়ী কর্মকর্তা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সূত্র: বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা–২০২৫: জেলা প্রশাসকের নিরাপত্তা ও প্রস্তুতি নির্দেশনা

 

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় নিরাপত্তা ও বিসর্জনের নির্দেশনা গৃহীত। ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।

সভায় দুর্গাপূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিটি পূজামণ্ডপে স্থায়ী আনসার বাহিনী মোতায়েনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি টহলের ব্যবস্থা থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তা নজরদারি জোরদার করতে আইপি ক্যামেরা স্থাপন ও সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ডকে বিশেষ সতর্কতামূলক দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয় আজকের সভায়।

সভায় জানানো হয়, প্রতিমা বিসর্জন কেবল জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে দিতে হবে এবং সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। বিজয়া দশমীর দিনে বিসর্জন ঘিরে দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, নৌ-পুলিশ ও কোস্টগার্ড প্রস্তুত থাকবে। পাশাপাশি বিসর্জন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত সড়ক বাতি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয় আজকের সভায়।

সভায় পূজামণ্ডপে নারী ও শিশুদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়; ইভটিজিং, মাদক সেবনসহ যেকোনো অপরাধ কঠোর হাতে দমন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়া, গ্রামীণ পর্যায়ে প্রতিমা আনা-নেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় সড়ক সংস্কার ও মেরামত দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। আলোচনায় আজ আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান।

 

ভিপি জিতু, জিএস মাজহারুল; জাকসুতে ২৫ পদে প্রাধান্য শিবিরের

ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার।ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু ও সাধারণ সম্পাদক পদে (জিএস) পদে ৩ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদকের (এজিএস) দুটি পদেই ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী ফেরদৌস আল হাসান ২৩৫৮ ভোট এবং আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ জয় পেয়েছেন।

১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টি জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি চারটি পদের মধ্যে ভিপিসহ তিনটি পদে স্বতন্ত্র এবং একটিতে বাগছাস প্রার্থী জয় পেয়েছেন।

কার্যকরী সদস্যের ছয় পদের পাঁচটি জিতেছেন শিবির সমর্থিত প্রার্থীরা, একটিতে বাগছাসের প্রার্থী জয়ী হয়েছেন।

সবমিলিয়ে ২৫টি পদের মধ্যে ইসলামী ছাত্রশিবির ২০টি, স্বতন্ত্ররা তিনটি এবং বাগছাস দুটি পদে জয় পেয়েছে।

অন্যান্য পদে জয় পেয়েছেন
শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম বাপ্পী (শিবির প্যানেল),
সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহসাংস্কৃতিক সম্পাদক- মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক- মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক- মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল), পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল),

কার্যকরী সদস্য
মো. তরিকুল ইসলাম (পুরুষ, শিবির প্যানেল), মো. আবু তালহা (পুরুষ, শিবির প্যানেল), মোহাম্মদ আলী চিশতি (পুরুষ, বাগছাস), নাবিলা বিনতে হারুণ (নারী, শিবির প্যানেল), ফাবলিহা জাহান নাজিয়া (নারী, শিবির প্যানেল), নুসরাত জাহান ইমা (নারী, শিবির প্যানেল)।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬। নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল।

তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, এবং স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’।

 

সংস্কার, বিচার ও নির্বাচন— সমান গুরুত্বে দেখতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।

দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্তে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে।

এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলোও বৈঠকে তুলে ধরা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি মেন্ডেটের অন‍্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষটিকে দেখতে হবে।”

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা।”

তিনি বলেন, “তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চুড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই।”

কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।