রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় খুন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: নিহত রহমত উল্লাহ (৪৮)

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরপরই মামলা দায়ের হলে ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামি আশরাফ আলী (২৮) কে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রহমত উল্লাহ(৪৮) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও ইট ভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমতের বিরোধ ছিল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রেজাউলের পরিবারের কয়েকজন সদস্য লাঠি ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে রহমতের পেটে ছুরিকাঘাত হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ভুক্তভোগীর পরিবারের মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাঙ্গুনিয়ায় জমকালো আয়োজনে ‘আইকনিক স্পোর্টস জোন’ উদ্বোধন

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধামাইরহাট বাজারসংলগ্ন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় এবং উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের পাশে গড়ে ওঠা এ স্পোর্টস জোনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামরুল হাসান বলেন, একসময় বিদ্যালয়ের এই পরিত্যক্ত জায়গায় নেশাসহ নানা অপকর্মের আশঙ্কা ছিল। স্থানীয় যুবকরা ভালো কিছু করার প্রস্তাব দিলে মাঠ তৈরির উদ্যোগকে প্রশাসন ও বিদ্যালয় কতৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেয়।

তিনি বলেন, “একটা বা দুইটা স্টেডিয়ামের চেয়ে বিশটা খেলার মাঠ ভালো। ধরুন, একটা স্টেডিয়ামে আমি ১০০ টাকা খরচ করছি। কিন্তু বিশটা মাঠে যদি প্রতিটিতে ৫ টাকা খরচ করি, তাহলে হয়তো সব মাঠে স্টেডিয়ামের মতো লাইটিং বা অন্যান্য ব্যবস্থা থাকবে না। কিন্তু ঐ মাঠগুলো আগামী একশো বছর কাজে লাগবে। তাই একটি স্টেডিয়ামের চেয়ে বিশটা মাঠ হওয়া ভালো। তবে এটাকে আমি নিরুৎসাহিত করছি না। এর মাধ্যমে সমাজের একজন ছেলেকেও যদি অসৎপথ থেকে ভালো পথে আনা যায়, তাহলেই যারা পরিশ্রম ও বিনিয়োগ করেছেন তাদের সার্থকতা।”

তিনি আরও যোগ করেন, “আমরা রাঙ্গুনিয়ার আশপাশের বিত্তশালী যারা আছেন তাদের সঙ্গে নিয়ে চেষ্টা করছি কয়েকটি মাঠ তৈরি করতে। যতদিন এখানে থাকছি, আমি চেষ্টা করব কিছু মাঠ তৈরি করে দেওয়ার।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিনিবার ফুটবল খেলায় অংশ নেন উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যরা।

প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এ মাঠে আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং ইনডোরে বিলিয়ার্ড খেলার সুযোগ করার কথা রয়েছে। আয়োজকরা জানান, ফিফা অনুমোদিত টার্ফ ব্যবহারের ফলে মাঠটি সারা বছর খেলার উপযোগী থাকবে।

রাঙ্গুনিয়ার বেতাগীতে গরু চুরি, আতঙ্কে গ্রামবাসী

এম জাহাঙ্গীর নেওয়াজ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক প্রবাসীর পরিবারের গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের চম্পাতলী এলাকায় প্রবাসী নুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বেলালের মা বলেন, “আমাদের পুরনো বাড়িতে সেদিন একটি মাহফিল চলছিল। এ সময় বিদ্যুতও ছিল না। রাত তিনটার দিকে আমি ঘুমিয়ে পড়ি। এর মধ্যে চোরের দল গোয়ালঘর থেকে আমার তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।”

স্থানীয় জাফর আলম বলেন, “বর্তমানে চম্পাতলী এলাকায় অপরাধপ্রবণতা বেড়েছে। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি বিভিন্ন অপরাধী মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছু দিন আগে তালুকদার বাড়ির প্রবাসী হাজী মমতাজ আলমের নতুন ঘরে ডাকাতির ঘটনাও ঘটেছিল।”

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইতোমধ্যে রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপরাধী গ্রেফতার ও নিয়মিত পুলিশ টহল জোরদার রয়েছে।

ওমানে রাঙ্গুনিয়ার দুই প্রবাসীর মৃত্যু, একজন সড়কে, অন্যজন অসুস্থতায়

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রাঙ্গুনিয়ার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। একজন প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়, অন্যজন অসুস্থজনিত কারণে।

প্রয়াতদের একজন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিশ্চিন্তাপুর এলাকার মো. ফারুক (৩৫)। তিনি মৃত আরবান আলীর ছেলে। অন্যজন ময়ূর উদ্দিন (২২), পারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর পারুয়া এলাকার আবুল হাশেমের ছেলে।

ফারুকের মৃত্যুর বিষয়ে একই এলাকার ওমানপ্রবাসী জামাল উদ্দিন জানান, তিনি সোহার গাদাফান এলাকায় ফ্রি ভিসায় কাজ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার লিভারের সমস্যা শনাক্ত করেন। পরে দেশে পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে আবার হাসপাতালে নেওয়া হলে গত শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফারুকের এলাকার বাসিন্দা মো. সোহেল জানান, তিনি প্রায় ১০ বছর ধরে প্রবাসে ছিলেন। দেড় বছর আগে সর্বশেষ বাংলাদেশে এসে পুনরায় ওমানে পাড়ি জমান। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, ময়ূরের বড় ভাই আবদুল সুক্কুর জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওমানের বোয়ালী এলাকায় আরবাবের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গাড়িতে আরও তিনজন ছিলেন। গাড়ি উল্টে গেলে সবাই আহত হন। তবে ময়ূরের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রায় ৩ বছর আগে প্রবাসে যান তিনি। সর্বশেষ ৪-৫ মাস আগে দেশে এসে আবারও ওমানে ফিরে যান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার লাশ দেশে পাঠানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে কথা চলছে।

শারদীয় দুর্গাপূজা: সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে পুলিশ

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) এএসপি বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি বেলায়েত হোসেন বলেন, “কেউ যেন গুজব না ছড়ায়। একজন যদি একটি স্ট্যাটাস দেন, আরেকজন তা শেয়ার করলে মুহূর্তেই শতাধিক মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তাই গুজবে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে।”

প্রতিমা বিসর্জন সংক্রান্ত নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্ধারিত সময় অবশ্যই মেনে চলতে হবে। দেরি হলে নানা সমস্যার সৃষ্টি হয়। শুধু চট্টগ্রাম নয়, হেডকোয়ার্টার পর্যন্ত জটিলতা তৈরি হয়। কারণ সারাদেশে প্রতিমা বিসর্জনের পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন পাঠাতে হয়।”

তিনি আরও বলেন, “অধিকাংশ অপরাধই অন্ধকারে ঘটে। যেহেতু শীতকাল আসছে এবং দিন ছোট হয়ে যাচ্ছে, তাই আমার অনুরোধ—সন্ধ্যার আগেই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করবেন।”

নিরাপত্তা প্রসঙ্গে আশ্বাস দিয়ে এএসপি বেলায়েত হোসেন বলেন, “পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালনে সক্রিয় থাকবে। একবার জানালেই যথেষ্ট, দ্বিতীয়বার ফোন করার প্রয়োজন হবে না—পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “এটা শুধু একটি উৎসব নয়, এটি শ্রদ্ধা ও ভক্তির অনুষ্ঠান। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। আপনাদের ধর্মীয় সম্মান রক্ষার দায়িত্ব আপনাদেরই। খেয়াল রাখবেন, কোনো ঘটনার কারণে যেন নিজেরাই অসম্মানিত না হন।”

তিনি লাইটিং, সিসি ক্যামেরা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখা এবং পূজা মণ্ডপে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরূপ চৌধুরী, সদস্য সচিব লিটন দে, দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক ডা. দয়াল হরি শীল, যুগ্ম আহ্বায়ক জয় চক্রবর্তীসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সদস্য, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকবৃন্দ।

সভায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অন্তর্গত সব পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া প্রতিটি মণ্ডপের সভাপতির নিকট আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সংক্রান্ত নিয়মাবলি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ সদা তৎপর। জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে পুলিশ।”

রাঙ্গুনিয়ার আগুনে পুড়ল ৩ দোকান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে তিনটি দোকান পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— আবদুল মান্নানের ‘জেসি ইলেকট্রনিকস’, এমদাদুল হকের ‘খাজা গরীবে নেওয়াজ স্টোর’ এবং মোহাম্মদ আলী বাদশার ‘বাদশা স্টোর’।

স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান আরও জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে বহিষ্কার — হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়মে জড়ালে এবং হাতেনাতে ধরা পড়লে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটায় একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আজ আসার পথে আমাদের মুরুব্বি সওকত আলী নূর জানালেন যে সরফভাটায় সাধারণত সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ৯০ ভাগ ভোট ছিল। তিনি বলেন, উনার কথার প্রেক্ষিতে বলতে চাই—৯০ ভাগ ভোট সঠিক নয়; আজকের জনগণের উপস্থিতিই প্রমাণ করে এই সরফভাটার ১০০ ভাগ ভোটই সালাউদ্দিন কাদের চৌধুরীর।

তিনি আরও বলেন, ‘‘বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে সালাম জানাই। আজ এত গরমে বিভিন্ন স্থান থেকে বিশাল মিছিল নিয়ে এসে যে উপস্থিতি করেছেন, আমি জানি—আপনারা আমাকে দেখতে আসেননি; এসেছেন এটা প্রমাণ করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাটি সরফভাটা।’’

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘‘আপনারা দলের জন্য গত ১৬ বছর যে পরিশ্রম করেছেন, সেই কষ্ট এবং জীবিত থাকার সংগ্রাম সকলেরই জানা। সেই সময়ে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে। কিন্তু কষ্টের বিষয় হলো, নতুন করে স্বাধীনতার পরও কেউ কেউ বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের থেকে চাঁদা দাবি করছেন।’’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা রয়েছে — দলের নাম ভাঙিয়ে এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তাদের হাতেনাতে ধরতে পারলে সেই মুহূর্তেই বহিষ্কার করা হবে।’’

সরফভাটার ইত্যাদি চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় হুম্মাম আরও বলেন, আমি ওয়াদা করছি, জিয়া পরিবার রাঙ্গুনিয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে নেবো। দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবে তাকেই আমরা মেনে নেবো। আশাকরি বাকী যারা নমিনেশন চাচ্ছে, তারাও যেনো একই ধরণের ওয়াদা করেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যকে সংসদে পাঠাতে হবে, এই লক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগ: সুশাসন ফেরাতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : কেন্দ্র ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান। তিনি বলেন, “দেশে সুশাসন ফেরাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে হলে সবাইকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনসহ ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ পারুয়া ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করেন।

সমাজ উন্নয়নে ভিডিপি সদস্যদের অবদান প্রশংসনীয়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। তিনি বলেন, “ভিডিপি সদস্যরা গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মৌলিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যেন বাস্তব জীবনে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখে, সেটিই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন শর্মা, উপজেলা মহিলা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন, কোম্পানি কমান্ডার মো. শহীদউল্লাহ এবং ভিডিপি লালানগর ইউনিয়নের দলনেতা কাজী সিরাজুল হক।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১০০ জন ভিডিপি সদস্যের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যরা যেমন নিজেদের দক্ষতা বৃদ্ধি করেছেন, তেমনি ভবিষ্যতে গ্রামীণ সমাজে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শিক্ষার্থীদের ক্লাসে একদিনের শিক্ষক ইউএনও

একদিনের শিক্ষক ইউএনও মো. কামরুল হাসান শিক্ষার্থীদের ক্লাসে

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: দুপুরের নীরবতা ভাঙতেই উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নেমে আসে অন্যরকম প্রাণচাঞ্চল্য। সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবাক চোখে দেখল—আজ তাদের ক্লাস নিচ্ছেন কেউ ভিন্ন মানুষ। সাদা বোর্ডের সামনে দাঁড়িয়ে শিক্ষক নন, উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

বিদ্যালয় পরিদর্শনে এসে ইউএনও আনুষ্ঠানিকতা এড়িয়ে নেমে পড়েন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি পাঠদানে। হাতে বই নিয়ে প্রশ্ন করেন, মনোযোগ দিয়ে উত্তর শোনেন, এবং পড়াশোনায় আগ্রহী হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু পাঠ্যবই নয়, জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জন করাটাই গুরুত্বপূর্ণ। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের পরিবেশ, শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও পাঠদানের মানও ঘুরে ঘুরে দেখেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করা ইউএনওর এই উদ্যোগে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমন শর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শিক্ষকেরা জানান, ইউএনওর সরাসরি অংশগ্রহণ শিক্ষার্থীদের মনে নতুন অনুপ্রেরণা জাগিয়েছে। আর শিক্ষার্থীরা বলছে, একদিনের জন্য হলেও ইউএনওকে শিক্ষক রূপে পাওয়া তাদের কাছে হয়ে রইল এক অনন্য অভিজ্ঞতা।

 

এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার সিরাজুম মুনিরা লাজুকের ইন্তেকালে বাংলাদেশ পুলিশের শোক

ডেস্ক: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার বিশেষ পুলিশ সুপার সিরাজুম মুনিরা লাজুক বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, সিরাজুম মুনিরা লাজুক ১৯৭৮ সালে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরহোগলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনে দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন এই কর্মকর্তা।

এসবি ঢাকার অধীনে তিনি ট্রেনিং অ্যান্ড রিসার্চ উইং, স্কুল অব ইন্টেলিজেন্স, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স শাখায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স উইং) হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুম মুনিরা লাজুকের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

রাঙ্গুনিয়ায় ডিসি সড়কের বেহাল দশা: সংস্কারের দাবিতে আবেদন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারুয়া ডিসি সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার হাজারো মানুষ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক কলেজ শিক্ষক।

আবেদনকারী এম আনোয়ার হোসেন একজন মানবাধিকার কর্মী ও কলামিস্ট। তিনি উপজেলার ঘাটচেক থেকে রানীরহাট পর্যন্ত বিস্তৃত সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে আবেদনে উল্লেখ করেন।

এম আনোয়ার হোসেন বলেন, “এটি উত্তর রাঙ্গুনিয়ার মানুষের প্রধান চলাচলের পথ। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অসুস্থ রোগী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রেজাউল করিম মঙ্গলবার জানান, তারা আবেদনটি পেয়েছেন।
রেজাউল করিম বলেন, “ইতোমধ্যে আরটিআইপি-২ প্রজেক্টে সড়কটির তথ্য পাঠানো হয়েছে। প্রজেক্ট অনুমোদিত হলে পুরো রাস্তাটিই মেরামত করা হবে। তবে সাময়িক দুর্ভোগ কমাতে খানাখন্দগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, “বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।”

রাঙ্গুনিয়ায় নিখোঁজের ৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল যুবকের লাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর নয়ন আচার্য (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত নয়ন আচার্য উপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা মৃত ননী গোপাল আচার্যের ছেলে। তিনি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাইকেলযোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন নয়ন। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আড়াইটার দিকে স্থানীয়রা রোয়াজারহাট-রানীরহাট ডিসি সড়কের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “পরিবারের বরাতে জানা গেছে নয়ন দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ রোগের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।”

৩৪ বছরের সেবা শেষে বিদায় নিলেন অতিরিক্ত আইজি তমিজউদ্দীন

ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম, ৩৪ বছরের দীর্ঘ সেবাজীবনের পর অবসরে যাচ্ছেন। তাঁর বিদায় উপলক্ষে আজ (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধান এবং হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। আইজিপি তার সততা ও সুনামের প্রশংসা করেন এবং সুস্থ জীবন কামনা করেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত হন সরদার তমিজউদ্দীন আহমেদ। তিনি ঝালকাঠি ও মাদারীপুর জেলার পুলিশ সুপার এবং পরে রেলওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিদায়ী কর্মকর্তা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সূত্র: বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ

রাঙ্গুনিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে গ্রাহক সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার আলমশাহ পাড়া মাদ্রাসা শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

শাখার ব্যবস্থাপক মো. জাসেদ মিয়া তরুণদের উদ্দেশে সঞ্চয়ী হিসাব ও ঋণ সঠিকভাবে পরিচালনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন হ্যাকার গ্রুপের বিষয়েও তিনি গ্রাহকদের সতর্ক করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাখার কর্মকর্তা সুপন তালুকদার, সুজন দাশ, তৌহিদুল ইসলাম, ইসমাইল হোসেন ও ইমরান হোসেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি ও নতুন উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের মাঝে উত্তর রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের উপহার ও লিফলেট বিতরণ


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী ও লিফলেট বিতরণ করেছে কলেজ ছাত্রদল।

সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এ কার্যক্রম আয়োজন করে নবগঠিত উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল।

এ সময় লালানগর ইউনিয়ন যুবদলের সভাপতি এস.এইচ. সুমনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত কমিটির সভাপতি সাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে হবে — হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণকে কাজে লাগাতে হবে—নেতারা মঞ্চে দাঁড়িয়ে থাকা নয়, জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করাটাই আসল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার শিলক ইউনিয়নে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “দেশ মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে আছি তারা একটাও কাজে দিবেনা; কাজে লাগাতে হবে জনগণকে। আপনাদের মতামত, আপনারা যে পরিশ্রম করবেন আর আপনারা যে দোয়া করবেন—এসব যদি আমাদের সাথে না থাকে তাহলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় বিএনপির মধ্যে বিভাজনের কথা বারবার বলা হয়; তবে তিনি সরাসরি জানিয়ে দেন, “রাঙ্গুনিয়ায় বিএনপিতে কোনো গ্রুপিং নেই। যারা বেগম খালেদা জিয়াকে, যারা তারেক রহমানকে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে তারা সকলেই একই পরিবারের সদস্য।”

আলোচনা শেষে তিনি নির্বাচনী কৌশল সম্পর্কে বলেন, “হয়তো দলের উন্নতি বা কোনো পদবি পাওয়ার জন্য সকলের পরিশ্রম থাকবে; তবে যখন নির্বাচনের সময় চলে আসবে এবং প্রার্থী ঘোষণা হবে—তখন সকলেই দলীয় মনোনীত প্রার্থীর জন্য কাজ করবে। যার মনোনয়ন হবে, আমি প্রতিজ্ঞা করছি সবাই তার জন্য কাজ করবে।”

নিজের পারিবারিক সূত্র টেনে তিনি জানান—রাউজান না রাঙ্গুনিয়া নিয়ে প্রশ্ন উঠলেও তাঁর বাবার (মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী) সিদ্ধান্ত ছিল ‘রাঙ্গুনিয়া’। সেই কারণে তিনি নিজেও রাঙ্গুনিয়াকেই ভিত্তি করে চলেন। উপস্থিত মানুষদের উদ্দেশে তিনি বলেন, “এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ—যারা এসেছেন সবাই আমার পরিবার।”

বিভিন্ন অনুষ্ঠানে তাকবির দেওয়ার কারণে অনেকে তাঁকে মৌলবাদী বলে আখ্যায়িত করে—এ মন্তব্যের প্রেক্ষিতে হুম্মাম কাদের চৌধুরী ব্যাখ্যা করেন, “এই তাকবির আমি সকলের জন্যই দিই; এর মাধ্যমে জানাতে চাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, ফজলুল কাদের চৌধুরীর নাতির ঈমান শক্ত। যদি ঈমান শক্ত না হত, তাহলে আজ আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না।”

 

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা–২০২৫: জেলা প্রশাসকের নিরাপত্তা ও প্রস্তুতি নির্দেশনা

 

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় নিরাপত্তা ও বিসর্জনের নির্দেশনা গৃহীত। ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।

সভায় দুর্গাপূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিটি পূজামণ্ডপে স্থায়ী আনসার বাহিনী মোতায়েনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি টহলের ব্যবস্থা থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তা নজরদারি জোরদার করতে আইপি ক্যামেরা স্থাপন ও সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ডকে বিশেষ সতর্কতামূলক দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয় আজকের সভায়।

সভায় জানানো হয়, প্রতিমা বিসর্জন কেবল জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে দিতে হবে এবং সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। বিজয়া দশমীর দিনে বিসর্জন ঘিরে দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, নৌ-পুলিশ ও কোস্টগার্ড প্রস্তুত থাকবে। পাশাপাশি বিসর্জন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত সড়ক বাতি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয় আজকের সভায়।

সভায় পূজামণ্ডপে নারী ও শিশুদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়; ইভটিজিং, মাদক সেবনসহ যেকোনো অপরাধ কঠোর হাতে দমন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়া, গ্রামীণ পর্যায়ে প্রতিমা আনা-নেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় সড়ক সংস্কার ও মেরামত দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। আলোচনায় আজ আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান।

 

ভিপি জিতু, জিএস মাজহারুল; জাকসুতে ২৫ পদে প্রাধান্য শিবিরের

ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার।ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু ও সাধারণ সম্পাদক পদে (জিএস) পদে ৩ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদকের (এজিএস) দুটি পদেই ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী ফেরদৌস আল হাসান ২৩৫৮ ভোট এবং আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ জয় পেয়েছেন।

১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টি জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি চারটি পদের মধ্যে ভিপিসহ তিনটি পদে স্বতন্ত্র এবং একটিতে বাগছাস প্রার্থী জয় পেয়েছেন।

কার্যকরী সদস্যের ছয় পদের পাঁচটি জিতেছেন শিবির সমর্থিত প্রার্থীরা, একটিতে বাগছাসের প্রার্থী জয়ী হয়েছেন।

সবমিলিয়ে ২৫টি পদের মধ্যে ইসলামী ছাত্রশিবির ২০টি, স্বতন্ত্ররা তিনটি এবং বাগছাস দুটি পদে জয় পেয়েছে।

অন্যান্য পদে জয় পেয়েছেন
শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম বাপ্পী (শিবির প্যানেল),
সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহসাংস্কৃতিক সম্পাদক- মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক- মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক- মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল), পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল),

কার্যকরী সদস্য
মো. তরিকুল ইসলাম (পুরুষ, শিবির প্যানেল), মো. আবু তালহা (পুরুষ, শিবির প্যানেল), মোহাম্মদ আলী চিশতি (পুরুষ, বাগছাস), নাবিলা বিনতে হারুণ (নারী, শিবির প্যানেল), ফাবলিহা জাহান নাজিয়া (নারী, শিবির প্যানেল), নুসরাত জাহান ইমা (নারী, শিবির প্যানেল)।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬। নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল।

তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, এবং স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’।

 

গণছুটিতে থাকা বিদ্যুতকর্মীদের প্রত্যাবর্তনে রাঙ্গুনিয়ায় স্বস্তি

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: ট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত ৭ সেপ্টেম্বর থেকে গণছুটিতে থাকা ৭৩ জন বিদ্যুতের কর্মী পুনরায় কর্মস্থলে ফিরেছেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–২ রাঙ্গুনিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফয়সাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের ১০৩ জন কর্মীর মধ্যে ৩৭ জন লাইনম্যান, মিটার রিডার ও অন্যান্য কর্মী সহ মোট ৭৩ জন কর্মী গণছুটিতে যান।

গণছুটির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে চরম দুর্ভোগ দেখা দেয়। গৃহস্থালি, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। বিশেষ করে পরীক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটেছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। কিছু এলাকায় দিনে ৮–১০ বার বিদ্যুৎ আসে বা কোথাও ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে।

ডিজিএম মোহাম্মদ ফয়সাল জানান, “উল্লেখিত সমস্যা এখন স্বাভাবিক হয়েছে। গণছুটিতে যাওয়া কর্মীরা এবার কর্মস্থলে ফিরে এসেছে। আজ সকাল থেকেই রাঙ্গুনিয়ায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।”

প্রসঙ্গত, গণছুটির সময় দুর্ভোগ কমাতে রাউজান থেকে ঠিকাদারের লোক এনে বিকল্পভাবে কাজ চালানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

 

শিশুদের পানিতে ডুবে যাওয়া রোধে ইউনিসেফের চার পরামর্শ

ডেস্ক:
বাংলাদেশে প্রতিবছর অসংখ্য শিশু পানিতে ডুবে মারা যায়। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে চারটি পরামর্শ দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক পোস্টে এ তথ্য জানানো হয়।

ইউনিসেফের দেওয়া পরামর্শগুলো হলো—

  • শিশুকে কখনো একা ফেলে রাখা যাবে না, সবসময় দায়িত্বশীল কারও সাথে থাকতে হবে।
  • শিশুদের সাঁতার শেখার ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
  • খোলা পানির উৎস চিহ্নিত করে তার চারপাশে বাধা বা বেড়া স্থাপন করতে হবে।
  • উদ্ধার ও সুরক্ষাকৌশল সম্পর্কে জানতে হবে এবং তা প্রচার করতে হবে।

সংস্থাটি জানায়, এসব করণীয় মেনে চললে শিশুদের পানিতে ডুবে মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তথ্যসূত্র: ইউনিসেফ বাংলাদেশ (অফিসিয়াল ফেসবুক পেজ)

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবলে তুলকালাম, ইউএনওসহ আহত অন্তত ২০

কক্সবাজার: কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গ্যালারি পূর্ণ হওয়ায় মাঠে প্রবেশে বাধা দেয়ায় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ইটপাটকেল নিক্ষেপ, ছোটাছুটিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে বেলা ৩টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচ দেখতে সকাল ৭টা থেকে স্টেডিয়ামে দর্শকরা টিকিট সংগ্রহ শুরু করেন। টিকিটের মূলধন ছিল ৫০ টাকা, কিন্তু দর্শকের উপস্থিতি এবং চাহিদা বেশি হওয়ায় টিকিটের দাম ক্রমাগত বৃদ্ধি পায়।

দর্শকরা অভিযোগ করেছেন, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৫ হাজার হলেও প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি করা হয়। অতিরিক্ত দর্শকরা গ্যালারিতে বসার জায়গা না পাওয়ায় গেট ভেঙে আড়াইটার দিকে পুরো মাঠ দখল করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিকেল ৫টা ১৫ মিনিটে লাঠিচার্জের মাধ্যমে দর্শকরা বের করে আনা সম্ভব হয়।

তবে এ সময়ে গ্যালারি, মাঠ, প্রেস বক্সসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে ফাইনাল ম্যাচ স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ঢামেকে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

ডেস্ক: গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন এস এম ফরহাদ, মুহাম্মাদ মহিউদ্দিনসহ অন্য নেতারা। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান।

গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবনির্বাচিত ভিপি-জিএসসহ নেতাকর্মীরা নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। ওই রাতেই তাকে ঢামেকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

 

সংস্কার, বিচার ও নির্বাচন— সমান গুরুত্বে দেখতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।

দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্তে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে।

এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলোও বৈঠকে তুলে ধরা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি মেন্ডেটের অন‍্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষটিকে দেখতে হবে।”

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা।”

তিনি বলেন, “তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চুড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই।”

কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ সোনার দেশে রূপান্তরিত হয়েছিল: যুবদল নেতা মুরাদ চৌধুরী

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ সোনার দেশে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোডাউন চত্বরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুরাদ চৌধুরী বলেন, “আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সময়ে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর হাত ধরেই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়েছিল।”

তিনি আরও বলেন, “সেই মহান নেতা জিয়াউর রহমান বীর উত্তমের সুযোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনেতা তারেক রহমান বাংলাদেশকে পুনর্গঠনের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। জনগণের সম্পৃক্ততায় তিনি গত ১৭ বছর ধরে বিএনপিকে সুসংগঠিত করে দেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”

নিজের প্রসঙ্গ টেনে যুবদল নেতা বলেন, “আমার জন্ম, শিক্ষা-দীক্ষা সবকিছুই রাঙ্গুনিয়াকে কেন্দ্র করে। আপনাদের ভালোবাসা, স্নেহ আর সহযোগিতাতেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি। এ অর্জন শুধু আমার নয়, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষেরই অর্জন। আমৃত্যু আমি রাঙ্গুনিয়ার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। তিনি বলেন, “দলের ক্রান্তিলগ্নে যারা পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন তারাই দলের প্রকৃত সম্পদ। অতীতের মতো ভবিষ্যতেও রাঙ্গুনিয়ার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।”

রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মহসিন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত

ডেস্ক: সাংবাদিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে যাওয়া কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই দিন প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২ সেপ্টেম্বর মামলার শুনানিতে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের মার্চ মাসে একটি পুকুর নিজের নামে নামকরণ করেন ডিসি সুলতানা। এ নিয়ে সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন করায় ওই বছরের ১৩ মার্চ দিবাগত রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাড়িতে অভিযান চালানো হয়। চোখ বেঁধে তুলে এনে তাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। এরপর ডিসি অফিসে নিয়ে নির্মম নির্যাতন চালান তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। কারামুক্ত হয়ে আরিফুল ইসলাম রিগান এ ঘটনায় মামলা করেন, যা পাঁচ বছর ধরে চলমান। সেই মামলার প্রেক্ষিতেই এবার বরখাস্ত হলেন সাবেক ডিসি সুলতানা পারভীন।

রাঙ্গুনিয়ায় ভুয়া পরিচয়ে অর্থ দাবির চেষ্টা, ওসির সতর্কবার্তা

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ফোন করে ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বুধবার জানান, উপজেলার মরিয়ম নগর এলাকার এক ব্যক্তি, কোদালা ইউনিয়ন পরিষদের সচিব এবং সরফভাটার এক ব্যক্তিসহ কয়েকজনের কাছে ভুয়া পরিচয়ে ফোন করে টাকা দাবি করার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি।

তিনি বলেন, “বিষয়টি জানার পর ঐ নাম্বারগুলোতে যোগাযোগের চেষ্টা করলে সেগুলো নিষ্ক্রিয় পাওয়া গেছে। উপজেলায় কারো কাছে এ ধরনের ফোন এলে তারা যেন সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করেন। আর দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় ঘটলে সংশ্লিষ্ট থানায় জানান।”

তিনি আরও বলেন, “যে বা যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের ছাড় দেয়া হবে না। আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

চান্দগাঁওয়ে পুলিশ অভিযানে ছিনতাইকৃত সাড়ে ১৪ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোট ১৪ লাখ ৬১ হাজার ৬৭০ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও টিপছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানাধীন জান আলী রেলস্টেশন এলাকায় রফিক স্টোর নামের একটি গোডাউনের সামনে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে প্রায় ২০ লাখ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবিরের নেতৃত্বে পুলিশ প্রথমে অভিযান চালিয়ে দুই আসামি— মো. সুমন (৩০) ও মো. আলী (৪৫) কে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল, একটি টিপছোরা এবং ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে পুলিশের পৃথক অভিযানে লক্ষীপুরের চৌধুরীঘাট এলাকা থেকে আরো তিনজনকে— মো. রাকিব (৩২), মো. ফয়সাল (১৯) ও মোছা: কাজল আক্তার (২১)— গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৩ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা।

মোট উদ্ধার হওয়া টাকা ১৪ লাখ ৬১ হাজার ৬৭০ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

ডাকসু নির্বাচন: ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ

সাদিক কায়েম ও এস এম ফরহাদ (ছবি: সংগৃগীত)।

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা দেখা যায়।এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।

কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া, ১৮টি হল সংসদে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ২৩৪টি পদের বিপরীতে ১ হাজার ৩৫ জন প্রার্থী ছিলেন।

ইউনিয়ন পর্যায়ে চট্টগ্রাম ডিসির অভিনব গণশুনানি

ছবি: সংগৃহীত।

ডেস্ক: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে অনুষ্ঠিত হলো গণশুনানি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় নাগরিক সেবা বিষয়ক এ গণশুনানি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাদি উর রহিম জাদিদ। আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে কুসুমপুরা ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় উত্থাপিত ২১টি বিষয়ের মধ্যে ২০টির নিষ্পত্তিকরণে কার্যকর পদক্ষেপ নেন জেলা প্রশাসক। ভিক্ষুক ও গৃহহীন পুনর্বাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়ন, সড়ক উন্নয়ন, প্রতিবন্ধীদের সহায়তায় হুইলচেয়ার প্রদান, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা – প্রধানত এসকল বিষয় উঠে আসে আজকের এই গণশুনানিতে। জটিল সমস্যাগুলোর ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক তিনি জানান।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক প্রতি বুধবার নিজ কার্যালয়ে গণশুনানি করেন। তবে কার্যক্রম মাঠপর্যায়ে এনে জনগণের কাছে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে জেলা প্রশাসক চট্টগ্রামের এই অভিনব উদ্যোগ।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “টাইম-কস্ট-ভিজিট—জনগণের ভোগান্তি লাঘবে এই তিনটি বিষয় সহজীকরণের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে গণশুনানির এই উদ্যোগ। মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে—এটাই আমাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।”

“স্থানীয়রা বলেন, জেলা প্রশাসকের এই উদ্যোগ অভাবনীয়। মাঠপর্যায়ে এরকম গণশুনানি চলমান থাকলে উন্নয়ন আরও গতিশীল হবে।”