দুর্নীতি প্রতিরোধে মাঠ পর্যায়ে সরব দুদক, সিরাজগঞ্জে গণশুনানি

ছবি: সংগৃহীত

ডেস্ক: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনা আয়োজিত এই গণশুনানি রবিবার (২৪ আগস্ট ) জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “সমাজে অসংগতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হতে হবে। দুর্নীতি পুরো সমাজে ছড়িয়ে গেছে, তাই তা নির্মূল করা কঠিন। তবে সেবা গ্রহীতাদের সচেতনতা এবং সেবাদাতাদের আন্তরিকতায় দুর্নীতির মাত্রা কমানো সম্ভব। সরকারি ও স্বায়ত্তশাসিত সকল দপ্তরের কর্মচারীদের দেশ ও জনসেবায় আরও যত্নশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “দুদক সরকারি দপ্তরগুলোতে সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য গণশুনানি আয়োজন করে। সমাজে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না, আজকের গণশুনানিও তার প্রমাণ।”

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক।

গণশুনানিতে ৩৬টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে জমা ১৪০টি অভিযোগের মধ্যে ১০৫টির শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩২টি অভিযোগে দুদকের অনুসন্ধান, ২৬টি অভিযোগে বিভাগীয়ভাবে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৪টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে। আদালতে মামলা চলায় ৩টি অভিযোগের সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়নি।

 

সন্তানের জন্য রওনা, সড়কে শেষ হয়ে গেল জনির জীবন

রাঙামাটি:

রাঙামাটিতে স্কুল থেকে সন্তানকে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খোরশেদুল আলম জনি (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দুপুরে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে সন্তানকে আনার জন্য রওনা দেন জনি। পথে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

নিহত জনি তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জহির আহম্মেদের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনজন পুলিশ সদস্যের মানবিক কর্মকাণ্ডে সিএমপি কমিশনারের স্বীকৃতি

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: অসাধারণ মানবিক কর্মকাণ্ড ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনজন পুলিশ সদস্যকে রবিবার (২৪ আগস্ট) সিএমপি হেডকোয়ার্টার্সে পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। অনুষ্ঠানে তাদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

গত ০৯ আগস্ট নগরীর দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালনের সময় প্রসব বেদনায় কাতর এক মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়িয়ে দ্রুত ও মানবিক পদক্ষেপের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মোজাহিদ, সার্জেন্ট মোঃ জাহিদুর রহমান এবং কনস্টেবল মহিউদ্দীন হোসেন।

সিএমপি কমিশনার এই কর্মকাণ্ডকে “পুলিশের দায়িত্বশীলতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত” হিসেবে আখ্যায়িত করে বলেন,
“এমন কর্মকাণ্ড সমাজে পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।”

তিনি সকল পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

বাংলাদেশ-পাকিস্তান বৈঠকে ভিসামুক্ত ভ্রমণসহ ছয় চুক্তি-সমঝোতা সই

সংগৃহীত ছবি

ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা সই হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে— সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ, বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, তিন বছর মেয়াদি সংস্কৃতি বিনিময় কর্মসূচি, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, সরকারি বার্তাসংস্থার মধ্যে সমঝোতা এবং গবেষণা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা।

বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার দাবি করেন, একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো এরইমধ্যে তাদের দেশ সমাধান করেছে।

সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ইসহাক দার। রাতে গুলশানে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেবেন তিনি।

এর আগে শনিবার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঢাকা আসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। পৌঁছানোর পর তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

রুমিন ফারহানার কর্মীদের হাতে এনসিপি নেতাকে মারধরের অভিযোগ: সারজিস আলম

 

ছবি: সংগৃহীত

ডেস্ক: এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন যে, রুমিন ফারহানার কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করেছেন। তিনি রবিবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত তথ্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন।

এক ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে, আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল-মুখ ফুলিয়ে, বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে।’

তিনি আরও বলেন, ‘টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়- কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।’

ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে গিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহও বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন বলে অভিযোগ করে সারজিস আলম বলেন, ‘তার (আতাউল্লাহ) অপরাধ শুধু সীমানা পুনঃনির্ধারণের বিরোধিতা করে আপিল করা।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায়? জোর যার, মূলুক তার বানাতে চায়? এই সুযোগ আর দেয়া হবে না।’

ইসি প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে সারজিস বলেন, ‘ইসির ভেতরে যদি একজন শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?’

প্রসঙ্গত আজ রবিবার (২৪শে আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানি শুরু হয়। এর কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে শুনানিকালে দু’পক্ষে ধাক্কাধাক্কি-হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে।

যাদের জন্য ১৫ বছর লড়লাম, এখন তারাই ধাক্কা দেয়’ — রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

ডেস্ক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “গত ১৫ বছর যে বিএনপির নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে ধাক্কা আসবেই।”

রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এ কথা বলেন।

এদিন সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে ইসিতে দাবি-আপত্তির শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট (উপস্থাপন) করেছি। জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করব, তাই করেছি।

রুমিন ফারহানা আরও বলেন, ‘আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন, তিনি গুন্ডা-পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না। কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা-পান্ডা সদলবল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন- এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’।

এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে উনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। ‍আর আমাকে ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে যখন মারধর করেছে, তখন আমার লোকজনও জবাব দিয়েছে।

রুমিন ফারহানা বলেন, বিএনপি সবসময় ২০০৮ সালের আগের আসনসীমায় ফেরার দাবি জানিয়ে এসেছে। কারণ মাঝের ১৫ বছরে একটি ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে সীমানা পরিবর্তন করেছিল, যা তারা মানেন না। তাই খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী ২০০৮ সালের আগের সীমানায় ফেরাই সঠিক সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখজনক যে আজ নির্বাচন কমিশনে মারামারির ঘটনা ঘটেছে—যা গত ১৫ বছরে হয়নি। যাদের জন্য এতদিন লড়াই করলাম, সেই বিএনপির নেতা-কর্মীরাই আজ আমাকে ধাক্কা দেয়। ধাক্কার জবাবে ধাক্কা তো আসবেই।

 

অতিরিক্ত ঔষধ স্বাস্থ্যঝুঁকির কারণ, সমন্বিত চিকিৎসা প্রয়োজন: ডা. মোহাম্মদ শাহ সোলাইমান

ডা. মোহাম্মদ শাহ সোলাইমান (ছবি সংগৃহীত)

 

অতিরিক্ত ঔষধ কোনোভাবেই রোগীর জন্য কাম্য নয়। বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে একাধিক ঔষধ খাওয়া স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। চিকিৎসা বিজ্ঞানে চারটির বেশি ঔষধ সেবনকে polypharmacy বা অতিরিক্ত ঔষধ বলা হয়।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহ সোলাইমান জানান, যেসব রোগীর একাধিক রোগ রয়েছে, তাদেরকে সতর্কতার সঙ্গে ঔষধ দিতে হয়। তবে চিকিৎসা সমন্বয়ের অভাবে রোগীরা প্রায়ই একাধিক বিশেষজ্ঞের ঔষধ একসাথে গ্রহণ করেন, যা ক্ষতির কারণ হতে পারে।

ডা. শাহ সোলাইমান একটি উদাহরণ দিয়ে বলেন, করিম নামের এক রোগী দীর্ঘ ১০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। ডায়াবেটিসের জন্য তার ডাক্তার ঔষধ দিয়েছেন। পরে কিডনিতে সমস্যা দেখা দিলে কিডনীর ডাক্তার ঔষধ দিয়েছেন। এরপর হার্টের সমস্যা দেখা দিলে হার্টের ডাক্তার নতুন ঔষধ দিয়েছেন। এছাড়া রোগী নিজেও কিছু ভিটামিন ও গ্যাস্ট্রিক ঔষধ নিয়মিত গ্রহণ করছেন। ফলে তার ঔষধের তালিকা দীর্ঘ হয়ে গেছে।

এই সমস্যা সমাধানের জন্য রোগীর সাহায্য প্রয়োজন। রোগী প্রেসক্রিপশন ও চলমান ঔষধগুলো সমন্বিতভাবে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে সুবিধা হয়। চিকিৎসক দেখতে পারেন, কোন ঔষধ দরকারি, কোনটির পার্শপ্রতিক্রিয়া আছে, কোনটি কার্যকর হচ্ছে না এবং কোনটি আর চলমান রাখার প্রয়োজন নেই। দীর্ঘ ঔষধের তালিকাকে ছোট করার প্রক্রিয়াকেই Deprescribing বলা হয়। তবে কিছু ঔষধ হঠাৎ বন্ধ করা যায় না; ধীরে ধীরে বন্ধ করতে হয়, যা tapering নামে পরিচিত।
ডা. শাহ সোলাইমান আরও বলেন, সমন্বয়ের অভাবই অতিরিক্ত ঔষধের অন্যতম প্রধান কারণ।

ডা. মোহাম্মদ শাহ সোলাইমান
MBBS, BCS, MCPS, MD, MACP
মেডিসিন বিশেষজ্ঞ
রিপোর্ট: ডা. মোহাম্মদ শাহ সোলাইমানের ফেসবুক পোস্ট থেকে।

রাউজানে হক কমিটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাউজান (চট্টগ্রাম): মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে ও সিনিয়র সদস্য মুহাম্মদ জিফু সুলতানের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সংগঠনের অভিষেক এবং বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৭তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) শাখা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আলম চৌধুরী। সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফেজ আকতার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা গাউসিয়া হক কমিটির সাবেক সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ জয়নাল আবেদীন। উদ্বোধন করেন শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী।

আলোচক ছিলেন উপজেলা সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী ও মুহাম্মদপুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, মুহাম্মদ দেলাওর হোসেন, রাউজান প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, মুহাম্মদ রাসেদ, মুহাম্মদ নূরুল আলম, মুহাম্মদ মাহাবুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ ফারুক প্রমুখ।

পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও কার্যকরী সদস্যদের শপথ বাক্যপাঠ এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মিলাদ-কিয়াম শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

 

রাঙ্গুনিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিউল আলম ওরফে শফি (৩৬) ডাকাতি ও অপহরণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, শফির বাড়ি তল্লাশি করে দুটি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, দেশীয় প্রযুক্তিতে তৈরি ২৩টি পটকা (বিস্ফোরক), কিরিচ, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফি জানিয়েছেন, এসব অস্ত্র ও বিস্ফোরক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে নাশকতা ও ত্রাস সৃষ্টির কাজে ব্যবহার করা হতো।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, শফির বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার সকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

প্রধান উপদেষ্টার হাতে সাগর-রুনির সন্তানের জমির দলিল হস্তান্তর, মামলায় তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

ছবি: সংগৃহীত

ডেস্ক: নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার(২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরওয়ারের পরিবারকে এই প্লটটি বুঝিয়ে দেয়নি।

উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ।

প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, “তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ‍্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেৃপক্ষকে আলোচিত এই হত‍্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগ বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসময় মেঘ তার নিজের ডিজাইন করা এরা একটি জার্সি ও ব‍্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

মাদকবিরোধী অভিযানে রাঙ্গুনিয়ায় দুইদিনে ছয়জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দণ্ড দেয়া হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ও ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবিকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন- বনগ্রাম এলাকার মো. রেজাউল করিম, চন্দ্রঘোনা নবগ্রামের মো. ইউসুফ, একই এলাকার মো. শাকিল ইসলাম এবং রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার মো. জাহেদ হোসেন। প্রত্যেককে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. ইউসুফকে ৩ মাস, বাকি তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের কাছ থেকে গাজা ও মাদক সেবন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

এর আগে বুধবার (২০ আগস্ট) উপজেলার পোমরা ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মো. রাসেল (১৯) এবং রাউজান উপজেলার পাহাড়তলী ঊনসত্তর পাড়া এলাকার মো. নয়ন (১৯)-কে আটক করা হয়েছিল। তাদেরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। ইউএনও মো. কামরুল হাসান জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় সভা: যুব ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

চট্টগ্রাম:

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বুধবার (২০ আগস্ট) জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তরুণদের সম্পৃক্ত রেখে বর্ষব্যাপী “তারুণ্যের উৎসব” কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং প্রতিটি দপ্তরকে ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসকের নিকট প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

আগামী ১২ অক্টোবর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে সবাইকে অবহিত করা হয়। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মশা নিধনে স্প্রে কার্যক্রম চালানোর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় যুব উন্নয়ন, কৃষি, পল্লী উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্প, ইসলামিক ফাউন্ডেশন ও স্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম আলোচনা করা হয়। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় সভায় ঋণ আদায়, কৃষকদের উন্নত বীজ সরবরাহ, মডেল মসজিদ নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিদ্যুৎ বিল পরিশোধ, ভোটার তালিকা হালনাগাদ, যৌন হয়রানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

দেশের সব হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

ডেস্ক: হাইকোর্ট দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৮ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।

এর আগে, গত ১৭ আগস্ট সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়। Read More “দেশের সব হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহে হাইকোর্টের নির্দেশ”

মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

ডেস্ক: 

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আগামী ২০ আগস্টের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসাকে এ তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলো থেকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ (গেজেট সংযুক্ত) ও আহত জুলাই যোদ্ধাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এজন্য শহীদ ও আহত শিক্ষার্থীর নাম, পিতার নাম, মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা, সংশ্লিষ্ট মাদ্রাসার নাম, মাদ্রাসা প্রধানের নাম ও মোবাইল নম্বর ইত্যাদি তথ্য নির্ধারিত ই-মেইল (addmin.dme24@gmail.com) ঠিকানায় প্রেরণ করতে হবে।

 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলায় তিন গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ।

শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের পূর্ব পাড়া নবগ্রাম এলাকার জাহাঙ্গীর (২৪), একই এলাকার মো. রাকিব (২২) এবং চন্দ্রঘোনা ইউনিয়নের ফেরিঘাট আমতলী এলাকার মো. শহিদ প্রকাশ শ্রাবণ (১৮)।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, “রাঙ্গুনিয়ার বনগ্রাম, নবগ্রাম ও ফেরিঘাট আমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।”

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের গাড়ি ও ফার্মেসি ভাঙচুর করে।

 

 

 

রাঙ্গুনিয়ার ছয় কলেজে ছাত্রদলের নতুন কমিটি

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ছয়টি সরকারি-বেসরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৫ অগাস্ট এসব আংশিক কমিটি অনুমোদন দেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কলেজগুলো হলো- রাঙ্গুনিয়া সরকারি কলেজ, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ও রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ।

উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এসব কমিটি অনুমোদন করেন।

ঘোষিত কমিটিতে রাঙ্গুনিয়া সরকারি কলেজে মো. কাইয়ুমকে সভাপতি ও মো. এরফান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের কমিটি দেওয়া হয়েছে।

সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে মো. ফারহাদ হোসেনকে সভাপতি ও মো. তানভীর মহতাব আয়ানকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি করা হয়।

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে সাকিবুল ইসলাম সভাপতি ও মো. এনামুল হক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন; এই কমিটি সাত সদস্যের।

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে আমিনুল ইসলাম সাব্বিরকে সভাপতি ও সাজিদুল ইসলাম সাজিদকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি দেওয়া হয়েছে।

রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে আট সদস্যের কমিটিতে সালেউল মান্নান রাজু সভাপতি এবং মোহাম্মদ সাকিব জাবেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে কোরবান আলীকে সভাপতি ও মো. ওসমান ওয়াহেদ চৌধুরী সামেতকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

টিআরসি নিয়োগে দালাল চক্রের বিরুদ্ধে সতর্ক করল চট্টগ্রাম জেলা পুলিশ

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল, আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোনো প্রার্থী যেন কারো সাথে চাকরি নিশ্চিতের বিষয় নিয়ে লেনদেন না করেন এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনে পা না দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম ইতোমধ্যেই মাঠ পর্যায়ে দালাল ও অসদুপায় অবলম্বনকারীদের শনাক্তে সক্রিয় রয়েছে। দালাল, দুর্নীতিবাজ ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে কোনো প্রকার অভিযোগ থাকলে ০১৩২০১০৭৪০৪০১৩২০১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

রাঙ্গুনিয়া বেতাগীর কেন্দ্রীয় কবরস্থানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার

এম জাহাঙ্গীর নেওয়াজ (রাঙ্গুনিয়া): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী হাফেজ বজলুর রহমান (র:) কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ঝুলে আছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি বিরাজ করলেও তা যথাযথভাবে নজরদারি করা হচ্ছে না।

চম্পা তলী এলাকার বাসিন্দা মুহাম্মদ আসিফ জানান, বর্ষার সময় অগাছা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ তার পরিষ্কার করা সম্ভব হচ্ছে না এবং কবর দেওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কবরস্থান কমিটির সদস্য মুহাম্মদ মমতাজুল হক বলেন, বৈদ্যুতিক তার ঝুলে থাকা সত্ত্বেও বিদ্যুৎ কর্তৃপক্ষ নিরব অবস্থায় থাকায় সমস্যাটি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। তিনি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

রাঙ্গুনিয়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে এজিএম আবু ইউসুফ জানান, বিষয়টি তিনি তৎপরতার সঙ্গে সমাধান করবেন।

 

প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি: সংগৃহীত

ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না।”

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ওই বাজারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি দোকানগুলো ঘুরে দেখেন এবং বিক্রেতাদের পলিথিন ব্যবহার না করতে উৎসাহিত করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই।”

চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, “রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি কিছুটা বেশি হয়। তবে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যতো বড়ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার স্বাভাবিক আছে। প্রচুর আলু মজুত আছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম বাড়ছে। কৃষকরা যথাযথ দাম পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভ করছে।”

হাটহাজারীতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম):  চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান হাবিব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। তবে ভিকটিমের সঙ্গে থাকা কেউ কোনো তথ্য না দিয়ে দ্রুত সরে যায়।”

শনিবার সকাল ১১টায় শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হজ-ওমরা ব্যবস্থাপনায় দুর্নীতি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “হজ-ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। আমাদের কোনো স্টাফ দুর্নীতির সঙ্গে জড়িত হলে বা কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করলে, আপনারা আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরা ফেয়ার ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, “এ বছরের মতো ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশা রাখি। সৌদি সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার প্রস্তাব দেব আমরা। মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।”

তিনি জানান, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি হজ ফ্লাইটের বিমানভাড়া কমানোর জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। “বিমান ভাড়া কমানোর বিষয়ে বৈঠক হলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে,” যোগ করেন তিনি।

 

রাঙ্গুনিয়ায় স্কুল শেষে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান জামী নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান জামী ওই এলাকার জিন্নাত আলীর ছেলে এবং স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, জামী দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে ফিরে ব্যাগ রেখেই সবার অগোচরে খেলতে বাইরে যায়। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর, বিকেল আড়াইটার দিকে পার্শ্ববর্তী একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়ায় ৩১ দফা প্রচারে যুবদল নেতা মুরাদ চৌধুরীর গণসংযোগ

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি প্রচারে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইতিমধ্যে তিনি উপজেলার কোদালা, পদুয়া এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় গণসংযোগ করেছেন। এর মধ্যে পদুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করেন।

এর ধারাবাহিকতায় বুধবার (১৩ আগস্ট) শিলক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, বিভিন্ন হাটবাজার এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে বিভিন্ন পথসভায় এস এ মুরাদ চৌধুরী বলেন, “বিএনপি গণমানুষের প্রিয় দল। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে বাংলাদেশের জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন বিএনপি সভাপতি মোকাররম হোসেন চৌধুরী বান্টু, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বানু মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সুজন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, শিলক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজম খান, যুগ্ম আহ্বায়ক খোকন, ছাত্রনেতা তৌসিফ, কাজী সোহান, জোনায়েদ, মিজান, শিলক ইউনিয়ন ছাত্রদল সভাপতি নিশাত শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গুনিয়ায় পথসভা ও গণসংযোগ করল বিএনপি

 

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের নেতৃত্বে পারুয়া ইউনিয়নের সাহাব্দী নগর, কাটাখালী, সৈয়দ নগর ও উত্তর পারুয়া এলাকায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে পারুয়া আশরাফিয়া মাদ্রাসা, ফারুক আজম জামে মসজিদ ও মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফজলুল হক, সদস্য মাহাবুব তালুকদার, জাহাঙ্গীর চৌধুরী, ফজলুক হক মেম্বার, আবুল হাসেম, সোলাইমান খালু, নাসির উদ্দিন, আব্দুল মোনাফ, উপজেলা যুবদলের আহবায়ক সেকান্দর আলী সওদাগর, মোজাফ্ফর চৌধুরী, মো. এরফান, সালাউদ্দিন ননাই, মোঃ সোহেল, মোঃ ফোরকান, ইলিয়াস কান্চন, মাসুদ, মাসুদ রানা, ফরিদ, কাজী জাহেদ, আলী রানা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আজম খান, কামাল চৌধুরী, ডালিম, ইমরান, মুনসুর, আনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, মুসলিম খান, হাফিজ, সিরাজ, সেলিম, এনাম, পারুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ইসমাঈল মেম্বার, উপজেলা বিএনপি নেতা সৈয়দ নবী, জহির আহমেদ, আমিনুর রসুল, ওসমান, আজগর, মুজিব, মামুন, লিটন, পারুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসমাঈল তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম মেম্বার, সোহেল তাজ, ইমরান, মোঃ ইসমাঈল, মুসা, ছাত্রদল নেতা মুসাফির, আনোয়ার, দক্ষিণ রাজানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সেলিম প্রমুখ।

আগামী নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে এলডিপি — নুরুল আলম তালুকদার

 

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম তালুকদার বলেছেন, “আগামী নির্বাচনে এলডিপি জোটগতভাবে অংশ নেবে। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলীয় প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নেতাকর্মীদের এলডিপির ছাতা প্রতীক সবার মাঝে পৌঁছে দিতে একযোগে কাজ করতে হবে।”

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা এলডিপি আয়োজিত নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোড়াপত্তন করেছিলাম এবং একটি শক্ত ঘাঁটি গড়েছিলাম। কখনো বিড়ালের গতিতে, কখনো কাছিমের গতিতে, আবার কখনো ঘোড়ার গতিতে এগিয়েছি—এ অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। লোভ-লালসা উপেক্ষা করে আগামীর রাজনীতিকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা এলডিপির সদস্য সচিব আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, এলডিপি নেতা মো. জাহেদুল আলম চৌধুরী, আহমদ সৈয়দ, আহমদ কবির, জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মো. হারুন মাস্টার, সৈয়দুর রহমান, মো. কাসেম মেম্বার, বদিউল আলম বাদশা, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, মো. লোকমান, নুরুল আলম, মো. এয়াকুব, অনন্ত মারমা, মাস্টার মো. ওসমান, রওশন আলী খান, মো. সাইফুদ্দিন রাসেল, মো. শরীফ, মো. নাছের, হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, হাসান মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফজলুল কাদের তালুকদারকে আহ্বায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।