বেগম খালেদা জিয়ার জানাজা কাল, দাফন শহীদ জিয়ার পাশে

ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান।

মির্জা ফখরুল বলেন, “কাল বাদ যোহর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে গভীর শোকের আবহ নেমে এসেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন।

ভাষণে প্রধান উপদেষ্টা মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং কর্মী-সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রেরণা যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে এবং এমন একজন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।

শোকাবহ এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ যেন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ভাষণে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। পাশাপাশি তাঁর নামাজে জানাযার দিন একদিনের সাধারণ ছুটি ঘোষণাও দেন।

নামাজে জানাযাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আবেগাপ্লুত হলেও সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

শেষে তিনি মহান আল্লাহর কাছে জাতির জন্য ধৈর্য, শক্তি ও ঐক্য কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং তাঁর সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: রাঙ্গুনিয়ায় শেষ দিনে মনোনয়ন জমা দিলেন যারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মনোনয়নপত্র জমার শেষ দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সোমবার শেষ দিনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীসহ বিভিন্ন দলের প্রার্থীরা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের কার্যালয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরের দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম। পরে তিনি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওর কার্যালয়ে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন।

বিকেলের দিকে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন। এর আগে একই আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরণ বড়ুয়া। এছাড়া সন্ধ্যার দিকে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল কালাম আজাদ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান একই দিন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাজমুল হাসান জানান, সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁর কার্যালয়ে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আরও দুজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি শুনেছেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ইসি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন যাত্রী।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) এবং নাসরিন সুলতানা (২৯)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক দুই গাড়ির মাঝখানে আটকা পড়েন।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দীর্ঘ সময়ের চেষ্টায় ট্রাকচালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, দুর্ঘটনার পর তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গুনিয়ায় ফের অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি তিন কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর রাত ৩টা ৩৮ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে রতন পালের ছেলে রাজেশ পালের মালিকানাধীন তিন কক্ষের কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়ে ভুক্তভোগীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দাদি ও নাতনির মৃত্যু হয়। ওই ঘটনায় অন্তত ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ভাষ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল। এছাড়া এর একদিন আগে উপজেলার বেতাগী ইউনিয়নেও আগুনে পুড়ে যায় এক সিএনজি চালকের বসতঘর।

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট: আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার করতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করা জরুরি। সরকার নাগরিক সেবাসমূহ ধাপে ধাপে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এসব সেবা সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ রাখতে হবে। পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনতে হবে, যাতে সাইবার সুরক্ষাসহ সার্বিক সক্ষমতার বাস্তব মূল্যায়ন সহজ হয়। একই সঙ্গে ফিনান্সিয়াল সেক্টরে সংঘটিত সাইবার অপরাধের ক্ষেত্রে কেউ যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও কিছু প্রতিষ্ঠানকে এ তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসি’র মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর সভায় গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর সভায় বলেন, ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আরও কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি সেক্টরাল সার্ট (CERT) গঠনের উদ্যোগের প্রশংসা করেন।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এজেন্সির কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাইবার অপরাধের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রণীত “Cyber Incident Reporting and Response System” সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

উল্লেখ্য, ২১ মে ২০২৫ তারিখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের পর সংশোধিত এ অধ্যাদেশের আওতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৬ আগস্ট ২৫ সদস্যের জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

সূত্র: প্রধান উপদেষ্টার ভেরিফাইয়েড ফেসবুক পেজ (Chief Adviser GOB – Verified Page)

রাঙ্গুনিয়ায় নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) লালানগর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভায় লালানগর ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিন একইসঙ্গে লালানগর ইউনিয়নের প্রায় ৫০ জন শীতার্ত নারী-পুরুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। তিনি জানান, তার গাড়িতে সবসময় শীতবস্ত্র রাখা থাকে। সভার ফাঁকে কিছু শীতার্ত বৃদ্ধ নারী-পুরুষের সঙ্গে দেখা হওয়ায় তাদের মাঝে প্রায় ৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগেও বেতাগী ইউনিয়ন ও রাঙ্গুনিয়া পৌরসভায় সীমিত পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ইউএনও বলেন, গণভোট সম্পর্কে অনেক সাধারণ মানুষেরই পরিষ্কার ধারণা নেই। গণভোটের চারটি প্রস্তাবনা ও সংশ্লিষ্ট উপ-বিষয়গুলো আগেভাগে জনগণকে জানানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, শনিবারের সভায় প্রায় দেড় শতাধিক মানুষ অংশ নেন এবং ধারাবাহিকভাবে উপজেলার সব ইউনিয়নে এ ধরনের সভা আয়োজন করা হবে।

উল্লেখ্য, এর আগে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নেও একই ধরনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়ায় প্রথম ‘শান্তির পথে’ ম্যারাথন: কুয়াশা ঢাকা সকালে শান্তি ও সচেতনতার পদচারণা

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: শীতের কুয়াশায় ভোরের নরম আলোয় ঢাকা রাঙ্গুনিয়ার গ্রামীণ সড়ক। নিস্তব্ধতা ভেঙে দৌড়ে চলেছেন একদল মানুষ। সবাই এক লক্ষ্য নিয়েই এগোচ্ছেন—সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘শান্তির পথে’ ম্যারাথন দৌড় ২০২৫। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় রাঙ্গুনিয়ার গোডাউন কর্ণফুলী ব্রিজ এলাকা থেকে শুরু হয় ৭ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন। দৌড়টি শেষ হয় সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর মার্কেটে। পুরো রুট জুড়ে অংশগ্রহণকারীদের পায়ে ছিল ছন্দ, আর মনে ছিল শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়।

ম্যারাথনে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সবার গেঞ্জি একই রকম, যা ম্যারাথনের একতা ও সমন্বয়কে আরও দৃঢ় করে। আয়োজকরা জানান, দৌড়পথে পানি বিতরণ স্টেশন, স্কাউট ও স্বেচ্ছাসেবক দল, মেডিক্যাল টিম এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

দৌড় শেষ হওয়ার পর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা অ্যাওয়ার্ড, মেডেল ও সনদ বিতরণ করা হয়।

আয়োজক সংগঠন ‘চলো যাই রাঙ্গুনিয়া’-এর অ্যাডমিন আরিফুল হক চৌধুরী বলেন, “এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা, তরুণ সমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে দেশব্যাপী তুলে ধরা।”

ম্যারাথন সফল করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙ্গুনিয়া পৌরসভা, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের অবদানকে সম্মাননা দেওয়া হয়। স্পন্সর হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সক শপ, সরফভাটা সমিতি চট্টগ্রাম ও আবদুর রাজ্জাক ফাউন্ডেশনকে বিশেষ স্মারক প্রদান করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এই ম্যারাথন শুধু ক্রীড়া আয়োজন হিসেবে নয়, বরং রাঙ্গুনিয়ায় শান্তি, সচেতনতা ও সামাজিক ঐক্যের প্রতীক হয়ে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

ফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ইটভাটার অটো ব্রিকস মেশিনে আটকে রায়হান উদ্দীন (১৯) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের এম এ ব্রিক্স নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি ফটিকছড়ির রেজাউল করিমের মালিকানাধীন এম এ ব্রিক্স ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা অটো ব্রিকস মেশিনে আটকে যায়। একপর্যায়ে মেশিনটি তাকে ভেতরে টেনে নেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফটিকছড়ি থানা পুলিশ বিষয়টি তাদের জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে মেশিনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে—তারেক রহমান

ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। স্বৈরাচারী শাসনের সময়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায় শোধ করতে হবে।”

তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে। গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর বাংলাদেশকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্যে তিনি পরপর তিনবার বলেন, “আমরা দেশের শান্তি চাই।”

মার্টিন লুথার কিং জুনিয়রের ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।” তিনি জানান, দেশ গড়ার একটি পরিকল্পনা তার রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন।

বক্তব্যে তারেক রহমান আরও বলেন, “১৯৭১ সালে যেমন দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও তেমনভাবে সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।”

তিনি বলেন, “এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এই দেশে পাহাড় ও সমতলের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই আছে। আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী, পুরুষ ও শিশু—সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে।”

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তারেক রহমান পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে পৌঁছান। বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন এবং বেলা ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, “প্রিয় বাংলাদেশ।”

মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

শান্ত বাংলাদেশ গড়তে সবাইকে ধীর থাকার আহ্বান তারেক রহমানের

ডেস্ক: শান্ত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “এই মঞ্চে যারা আছেন এবং যারা বাইরে আছেন—আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “যেকোনো উসকানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই।”

দেশের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান।

পরে বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন। পথে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সময় রাত ১২টায় তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। আজ সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

রাউজানে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে ইটবাহী চাঁদের গাড়ির ধাক্কায় মো. জাবেদ আলম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফকিরটিলা এলাকার ইয়াছিন শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের বশরত আলীর বাড়ির প্রবাসী আহমদ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে জাবেদ আলম মোটরসাইকেলে করে উপজেলার আমির হাট বাজারে একটি ওরশ উপলক্ষে দাওয়াতের চিঠি পৌঁছে দিতে যান। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইয়াছিন শাহ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী চাঁদের গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন: দাদি ও নাতনির মৃত্যু, পুড়েছে ছয়টি ঘর

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পুড়ে গেছে অন্তত ছয়টি কাঁচা বসতঘর।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং তার নাতনি মো. সুমনের শিশু কন্যা জান্নাত আক্তার (৫)।

এ ছাড়া অগ্নিকাণ্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট বিভিন্ন পরিমাপের ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি বসতঘরের ভেতরে আটকা পড়ে রুমি আক্তার ও জান্নাত আক্তার। পরে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মন্নান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা পেলেন সেবাপ্রত্যাশীরা

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে-তে সেবাপ্রত্যাশী বেশ কয়েকজনের সমস্যা ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী। অভিযোগ ও সমস্যাগুলো পর্যালোচনা করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

ওপেন হাউজ ডে-তে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএমসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিএমপি কর্তৃপক্ষ জানায়, নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই নিয়মিত এ ধরনের ওপেন হাউজ ডে আয়োজন করা হচ্ছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গুনিয়ায় যুবদল ও ছাত্রদলের স্বাগত মিছিল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : ‘মা, মাটি ডাকছে—তারেক রহমান আসছে’ এবং ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সেখানে মিছিল করেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।

উপজেলা ও পৌরসভা যুবদল এবং ছাত্রদলের ব্যানারে মঙ্গলবার দুপুরে এই স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করছেন। ২৫ ডিসেম্বর তিনি দেশে পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে  নিজ বাসভবনে ফিরবেন।

বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে তারেক রহমানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সরকার তাঁর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছে।

মাত্র ১৪ ঘণ্টায় লক্ষ্যমাত্রার অর্ধেক ছাড়াল ফান্ডরেইজিং: ডা. তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা চেয়ে দেওয়া এক ভিডিওবার্তার পর মাত্র ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। যা নির্ধারিত ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি। অনুদানদাতাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় তিনি অভিভূত বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ডা. তাসনিম জারা জানান, এই ফান্ডরেইজিংয়ের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। লক্ষ্যমাত্রা পূরণ হলেই অনুদান সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এদিকে বিকাশ অ্যাকাউন্টের দৈনিক লিমিট শেষ হয়ে যাওয়ায় বর্তমানে বিকাশের মাধ্যমে অনুদান গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। যারা এখনো অনুদান দিতে আগ্রহী, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠাতে পারবেন।

ফান্ডরেইজিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, শুরু থেকেই তিনি পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সে অনুযায়ী ক্যাশ ডোনেশন গ্রহণ না করে শুধুমাত্র বিকাশ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের একটি যাচাইযোগ্য রেকর্ড থাকে। এসব রেকর্ড বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত এবং ভবিষ্যতেও যাচাইযোগ্য থাকবে।

তিনি আরও বলেন, নিয়মিতভাবে মোট কত টাকা সংগ্রহ হয়েছে এবং কোন মাধ্যমে কত টাকা এসেছে—সে তথ্য জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি এসব ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছেও জমা দেওয়া হবে, যাতে তারা যাচাই করতে পারেন।

এছাড়া কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, সে বিষয়েও বিস্তারিতভাবে জানানো হবে বলে উল্লেখ করেন ডা. তাসনিম জারা। স্বচ্ছতা আরও জোরদার করতে জনগণের কাছ থেকে পরামর্শও আহ্বান জানান তিনি।

রাঙ্গুনিয়ায় মাটিকাটা গর্তে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটিকাটায় সৃষ্ট গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. রুমান (৭)।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পাশে মাটিকাটা গর্ত থেকে রুমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, শিশুটির বাড়ির পাশে মাটি নেওয়ার ফলে সৃষ্ট একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় যৌথ বাহিনী অভিযান জোরদার

ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে নিয়মিতভাবে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, “অভিযান বর্তমানে সক্রিয় রয়েছে এবং আমরা বলেছি, এটা নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। প্রতিদিনই প্রায় দুই হাজার জন করে গ্রেপ্তার হচ্ছে।”

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাদের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপি মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন কমিশনের চার সদস্য—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ অংশ নেন।

এছাড়া, দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৈঠক করেন। ভোটের তফসিল ঘোষণার পর এটি তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।

খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে: নূরের আলো সুপার লীগ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): সামাজিক সংগঠন নূরের আলো যুব একতা সংঘের উদ্যোগে আয়োজিত নূরের আলো সুপার লীগ–২০২৫ (সিজন–৩) এর উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় শনিবার (২০ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন দেয়ার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সভাপতি ও চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক ফোরামের আহ্বায়ক সনজীব সুশীল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গুনিয়ার টিম পরিচালক জাহেদুর রহমান, প্রবীণ শিক্ষক নুরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল,নূরের আলো যুব একতা সংঘের উপদেষ্টা মাহাবুবুল আলম সিকদার, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব,সভাপতি সৈয়দ মো. ফাহিম, সাধারণ সম্পাদক নাজমুল আমিন তারেক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. আবদুল্লাহ মনসুর প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নূরের আলো যুব একতা সংঘের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখযোগ্য, নূরের আলো সুপার লীগ–২০২৫ স্থানীয় যুবদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ সৃষ্টি করেছে।

রাঙ্গুনিয়ায়  ‘ডেভিল হান্ট’ অভিযানে ৬ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরকার ঘোষিত ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে চার দিনে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক এক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ডেভিলহান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২১ ডিসেম্বর উপজেলার লালানগর ইউনিয়ন থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম (৬০) এবং একই ওয়ার্ডের বাসিন্দা উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার (৫৯)।

এর আগে ১৯ ডিসেম্বর রাতে লালানগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আজগর হোসেন (৩৮) এবং একইদিন রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইকবাল হোসেন (৬০)–কে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৮ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রেজাউল করিম (৬০) এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবু জাফর (৩৮)–কে।

এছাড়া রবিবার (২১ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ডেভিলহান্ট অভিযানে গ্রেপ্তারদের বিষয়ে পুলিশ আরও জানায়, আটককৃত অভিযুক্তদের রাঙ্গুনিয়া থানার ২০২৪ সালের ৩০ আগস্ট ও ১৫ সেপ্টেম্বরের এফআইআর নং–১৩ ও ১০ এবং জিআর নং–৮৪ ও ৯৫–এর বিভিন্ন ধারায় পেনাল কোড, ১৮৬০–এর মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ

হাটহাজারী (চট্টগ্রাম): ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রপথিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং খুনীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে হাটহাজারী পৌরসভার ডাক বাংলো চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির, সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, মাওলানা মতিউল্লাহ নুরী, গণ অধিকার পরিষদ-এর সভাপতি মোহাম্মদ শোয়াইব, আসাদুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহিদ শরীফ ওসমান হাদী তাঁর জীবন বিসর্জনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনাকে অম্লান করে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের যোদ্ধারা সংগ্রাম চালিয়ে যাবে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে ডাক বাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড ও জাগৃতি মোড় প্রদক্ষিণ করে কাচারি সড়ক হয়ে হাটহাজারী মাদ্রাসার সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

প্রাসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।

শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদে মাগরিব চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে শুরু হয়ে রাঙ্গুনিয়া থানা পর্যন্ত গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা ভারতে পালিয়ে গেছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। বক্তারা দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বারবার দেখা যাচ্ছে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতরা ভারতে আশ্রয় নিচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওয়াহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিউদ্দিন বাবুসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

যতদিন বেঁচে আছি, ওসমান হাদির মতোই বাঁচতে চাই—হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): “যতদিন বেঁচে আছি, যেন ওসমান হাদির মতোই বেঁচে থাকতে পারি”—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইসলামপুর মাখজানুল উলুম মাদ্রাসা মসজিদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে, জুমার নামাজের আগে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দোয়া চাইতে। গভীর কষ্টের সঙ্গে শহীদ ওসমান হাদির জন্য আপনাদের দোয়া কামনা করছি। জুলাই–আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেখানে আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন। তখন আমার এক প্রিয় ভাই বলেছিলেন—এই আন্দোলনে আল্লাহ কিছু ফেরেশতা পাঠিয়েছিলেন। কষ্টের সঙ্গে বলতে হয়, সেই ফেরেশতাদের একজনকে আল্লাহ আজ তাঁর কাছে ফিরিয়ে নিয়েছেন।”

তিনি আরও বলেন, “দেশের রাজনীতিতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা যারা রাজনীতির প্রথম কাতারে আছি, সবাই কোনো না কোনোভাবে হুমকির মুখে রয়েছি। তবু যতদিন বেঁচে থাকি, ওসমান হাদির মতো সাহস নিয়ে বাঁচতে চাই। এই তরুণ যে সাহস দেখিয়েছে, অনেক প্রবীণ রাজনীতিবিদও তা দেখাতে পারেননি।”

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সহিংসতার রাজনীতি থেকে দূরে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের ফাঁদে ফেলার নানা চেষ্টা চলছে। সেই ফাঁদে পা দেওয়া যাবে না। রাঙ্গুনিয়াকে ভাগ করার যে চেষ্টা চলছে, তা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।”

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, “আজ আমরা ওসমান হাদির জন্য দোয়া করতে এসেছি। তবে আমি আরেকটি নাম যুক্ত করতে চাই—যিনি গত ১৭ বছর ধরে আমাদের জন্য লড়াই করেছেন, সেই বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জুমার নামাজে তাঁর জন্য দোয়া করবেন।”
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে সুস্থভাবে দেশে ফিরতে পারেন, সে জন্যও দোয়া কামনা করেন তিনি।

শেষে হুম্মাম কাদের চৌধুরী নিজের ও তাঁর পরিবারের জন্যও সবার কাছে দোয়া চান।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন হয়ে বেলা দুইটায়

ডেস্ক: শহিদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা পূর্ব ঘোষিত সময়ের পরিবর্তে শনিবার বেলা দুইটায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফাইয়েড ফেসবুক পেজ ( Chief Adviser GOB) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয় আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে নামাজে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হয়েছিলো।

শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোন প্রকার ব‍্যাগ বা ভারি বস্তু বহন না করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

সূত্র: প্রধান উপদেষ্টার ভেরিফাইয়েড ফেসবুক পেজ ( Chief Adviser GOB)।

দেশে পৌঁছেছে শহিদ ওসমান হাদির মরদেহ, শনিবার সংসদ ভবন এলাকায় জানাজা

ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এ সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করলেন হুমাম কাদের চৌধুরী, শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীরের প্রয়াত পিতা আলহাজ্ব আহমদ ইসলাম তালুকদারের কবর জিয়ারত করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে দক্ষিণ রাজানগর ইউনিয়নে মরহুমের পারিবারিক কবরস্থানে তিনি কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ আনাস।

কবর জিয়ারত শেষে হুমাম কাদের চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মী, মরহুমের পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আলহাজ্ব আহমদ ইসলাম তালুকদার গত ১৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এলাকায় একজন সৎ, পরোপকারী ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। পরদিন নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিন মরহুমের নামাজে জানাজায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। এ সময় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক, পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধান উপদেষ্টা

ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাঁকে শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাকে শহিদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত স্ত্রী, একমাত্র সন্তান, পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, শহিদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।

তিনি জানান, শনিবার রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ভাষণে সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির চিকিৎসায় তারা আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান, যিনি একজন চিকিৎসকও, ব্যক্তিগতভাবে চিকিৎসা তদারকি করেছেন এবং নিয়মিত খোঁজখবর রেখেছেন।

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন প্রতিবাদের প্রতীক ও বিপ্লবী চেতনায় উজ্জীবিত এক তরুণ নেতা। তাঁর কণ্ঠ স্তব্ধ করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা ব্যর্থ হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার অনুরোধ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

একই ধরনের বার্তা শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রাঙ্গুনিয়ায় সাজা পরোয়ানা, মাদক ও ডেভিলহান্ট অভিযানে ৩ জন গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাজা পরোয়ানা, মাদকসেবন ও ডেভিলহান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন।

পুলিশ জানায়, সাজা পরোয়ানা মূলে মো. মজিদুল ইসলাম প্রকাশ সোহেল (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত সিআর মামলা নম্বর-২৫/২৪ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় দুই বছরের সাজা পরোয়ানা ছিল। তিনি উপজেলার গোডাউন মসজিদ সংলগ্ন পশ্চিম পাড়ার বাসিন্দা মো. মকবুল হোসেনের ছেলে।

এছাড়া ডেভিলহান্ট ফেজ-২ অভিযানে রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. নেজাম (২৬) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাঙ্গুনিয়া থানায় পেনাল কোড ১৮৬০-এর ৪৪৮, ৩২৩, ৩৪৭, ৩৮৬, ৪০৬, ৪২০, ৩৮৮ ও ৫০৬(২) ধারায় একটি মামলা (মামলা নং–১৩, জিআর নং–৮৪/২০২৪) দায়ের করা হয়েছিল। এই মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন হিসেবে তাকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদকসেবীকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় থানাধীন মরিয়মনগরের রশিদিয়া পাড়া এলাকার ২নং ওয়ার্ডের রাকিব (২৬) কে আটক করা হয়। মাদক সেবনের দায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

ওসি মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীর প্রতি দোয়া ও শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। এই অবস্থায় দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ সেখানে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখতে যান। পরে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, শরিফ ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।