চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী খাল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল দক্ষিণ পাড়া সংলগ্ন তুলাতলা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করা হয়।
বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু। অভিযানে রাঙ্গুনিয়া থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান জানান, অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ইছামতী খাল থেকে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে একই দিন দুপুরে ‘রাঙ্গুনিয়ায় প্রশাসনের নীরবতায় ইছামতী থেকে বালু উত্তোলন’ শিরোনামে একুশে পত্রিকার অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে লালানগর ইউনিয়নের তুলাতলা এলাকায় মেশিন বসিয়ে ইছামতী খাল থেকে বালু উত্তোলনের অভিযোগ এবং স্থানীয়দের ক্ষোভের বিষয়টি উঠে আসে।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং বিকেলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইছামতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে খালের তীর, আশপাশের বসতবাড়ি, সড়ক ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তারা বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাঙ্গুনিয়া টুডে/প্রতিবেদক
